ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোতে বসেছে বিশ্বসুন্দরীদের আসর ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আয়োজন। এই প্রতিযোগিতায় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ খেতাব নিয়ে দেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি।
মূল প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার পর থেকেই নিজের সাজপোশাক ও আত্মবিশ্বাসী উপস্থিতিতে নজর কাড়ছেন মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ফটোশুটের কয়েকটি ছবি প্রকাশ করে ভক্তদের মধ্যেও তৈরি করেছেন আগ্রহ।
সাম্প্রতিক ফটোশুটে সমুদ্রসৈকতের মনোরম পরিবেশে দেখা গেছে মাহিকে। তাঁর পরনে ছিল হলুদ রঙের ফ্লোর-লেংথ গাউন। ফুলহাতা এই পোশাকের কোমরের অংশে ছিল পাথরের কারুকাজ। এর সঙ্গে কাঁধে শোভা পাচ্ছিল ‘বাংলাদেশ’ লেখা সাদা স্যাশ।
ফটোশুটে শুধু একা নন, আরও চার দেশের প্রতিযোগীর সঙ্গে একই ফ্রেমে ধরা দিয়েছেন মাহি। তাঁরা হলেন মিসরের সোনিয়া জারজিস, হংকংয়ের জেন ঝৌ, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েতজ এবং নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটোন।
ছবির ক্যাপশনে মাহি লিখেছেন, ‘মিস ইউনিভার্সে একটি চমৎকার শুটের ছোট্ট ঝলক! প্রতিটি মুহূর্ত, প্রতিটি ফ্রেম এবং প্রতিটি অভিজ্ঞতাই ভীষণ বিশেষ মনে হচ্ছে। এই সুন্দর যাত্রার অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ।’
এদিকে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে শুরু হয়েছে অফিশিয়াল ফ্যান ভোটিং। প্রতিযোগিতায় বাংলাদেশকে এগিয়ে নিতে দেশবাসীর কাছে ভোট ও সমর্থন চেয়েছেন মাহি।
গত ৭ নভেম্বর রাজধানীতে জমকালো আয়োজনে মাহির মাথায় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট পরিয়ে দেন ২০২৫ সালের বিজয়ী তানজিয়া জামান মিথিলা। এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে। মাহির হাত ধরে এবার বিশ্বমঞ্চে নতুন সাফল্য আসবে—এমন প্রত্যাশা করছেন তাঁর ভক্ত ও দেশের সৌন্দর্যপ্রেমীরা।