বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের দীপাবলির সাজে কোরআনের আয়াত খোদাই করা পান্নার লকেট পরা নিয়ে বিতর্কের মধ্যেই আলোচনায় উঠে এসেছে দীপিকা পাড়ুকোনের একটি পুরোনো গয়না। ২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবে দীপিকার পরা একটি নেকলেসের ছবি নতুন করে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই গহনার একটি পাথরে আরবি ভাষায় খোদাই করা ছিল ‘ফি আমানিল্লাহ’ শব্দবন্ধ, যার অর্থ ‘আল্লাহর নিরাপত্তায়’।
২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দীপিকা। সে সময় ভারতীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির নকশা করা বিশেষ একটি নেকলেস পরেছিলেন তিনি। গহনাটি ছিল সব্যসাচীর ‘ট্রপিক অব ক্যালকাটা’ সংগ্রহের অংশ, যেখানে ভারতীয় ঐতিহ্য ও আধুনিক নকশার সমন্বয় ঘটানো হয়েছিল।
‘লখনউ রোজ’ নামের নেকলেসটি পশ্চিমা পোশাকের সঙ্গে পরেছিলেন দীপিকা। রত্নপাথর ও অপরিশোধিত হীরায় তৈরি গয়নাটিতে ছিল মহারানি নেকলেসের নকশার ছাপ। এর একটি পাথরে আরবি ভাষায় খোদাই করা ছিল ‘ফি আমানিল্লাহ’ কথাটি। এত দিন গয়নাটি তাঁর ফ্যাশন অনুষঙ্গ হিসেবেই পরিচিত ছিল। তবে কারিনাকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের পর পুরোনো ছবিটি আবার আলোচনায় এসেছে।
বিতর্কের সূত্রপাত ২০২৬ সালের দীপাবলিতে কারিনা কাপুর খানের পরা একটি পান্নার লকেটকে কেন্দ্র করে। জানা গেছে, ৩০ ক্যারেটের ওই লকেটে পবিত্র কোরআনের আয়াতুল কুরসি খোদাই করা ছিল। উৎসবের অনুষ্ঠানে ডিজাইনার পুনিত বালানার নকশা করা রুপালি গোটাপট্টির পোশাকের সঙ্গে বেইজ রঙের পাগড়ি পরেছিলেন কারিনা। তাঁর সাজের অন্যতম আকর্ষণ ছিল প্রাচীন নকশার পান্নার লকেটটি। কারিনার স্টাইলিস্ট রিয়া কাপুর জানিয়েছিলেন, গহনাটি ভোপালের রাজপরিবারের।
এ ঘটনা ঘিরে গত ১১ নভেম্বর কারিনা ও তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠানো হয়। মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ তাঁর আইনজীবীর মাধ্যমে নোটিশটি পাঠিয়েছেন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। তবে হাফিজ বলেছেন, কংগ্রেসের প্রতিনিধি হিসেবে নয়, মুসলিম সম্প্রদায়ের একজন সদস্য হিসেবে ব্যক্তিগত অবস্থান থেকে তিনি এ পদক্ষেপ নিয়েছেন।
নোটিশে ফ্যাশন অনুষঙ্গ হিসেবে পবিত্র কোরআনের আয়াত ব্যবহারের বিরোধিতা করা হয়েছে। এতে বলা হয়েছে, এ ধরনের ব্যবহার মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। মুসলিমদের কাছে আয়াতুল কুরসি অত্যন্ত পবিত্র ও মর্যাদাপূর্ণ; ধর্মীয় প্রার্থনার অংশ হিসেবেও এটি পাঠ করা হয়।
নোটিশে কারিনা ও রিয়া কাপুরের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে লকেটটির ছবি ও ভিডিও সরিয়ে ফেলা এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে ধর্মীয় আয়াতের প্রতি যথাযথ সম্মান দেখানোর নিশ্চয়তা চাওয়া হয়েছে।
এদিকে কারিনার পরা লকেটটির পারিবারিক ইতিহাস নিয়েও আলোচনা শুরু হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এটি সাধারণ কোনো গয়না নয়; ভোপালের নবাব পরিবারের উত্তরাধিকারসূত্রে পাওয়া ঐতিহ্যবাহী সম্পদ। এক শতাব্দীরও বেশি সময় ধরে ভোপালের শাসনভার সামলানো বেগমদের পরিবারের সঙ্গে গহনাটির সম্পর্ক রয়েছে।
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ভোপালের শেষ শাসক নবাব হামিদুল্লাহ খানের মেয়ে সাজিদা সুলতানের মাধ্যমে গহনাটি সাইফ আলী খানের পরিবারের কাছে আসে। সাজিদা সুলতান ছিলেন সাইফের পিতামহী। সাইফকে বিয়ের পর কারিনারও পতৌদি পরিবারের ঐতিহ্যবাহী গহনা ব্যবহারের সুযোগ রয়েছে।
আইনি নোটিশকে কেন্দ্র করে বিতর্কের মধ্যে কারিনার প্রতি সমর্থন জানিয়েছে ভোপালের কয়েকটি সংগঠন। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হিন্দু উৎসব সমিতি ও সংস্কৃতি বাঁচাও মঞ্চ অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছে। হিন্দু উৎসব সমিতির সভাপতি চন্দ্রশেখর তিওয়ারি কারিনার কাছে ক্ষমা চাওয়ার দাবির বিরোধিতা করেছেন।
‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ ও ‘ব্রুট ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি কারিনা কাপুর খান ও রিয়া কাপুর। তবে কারিনার দীপাবলির সাজ নিয়ে বিতর্কের মধ্যেই দীপিকার পুরোনো নেকলেসের ছবি নতুন করে ছড়িয়ে পড়েছে। দুই অভিনেত্রীর গহনাতেই ধর্মীয় বার্তা ও প্রতীকের উপস্থিতি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা।