যশের বিপরীতে কিয়ারার অভিনয় ঘিরে মুক্তির আগেই আলোচনায় ছিল সিনেমা ‘টক্সিক’। বিশেষ করে দুই তারকার রসায়ন ও অন্তরঙ্গ দৃশ্য নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল কৌতূহল। যদিও প্রত্যাশা অনুযায়ী বক্স অফিসে সাফল্য পায়নি ছবিটি। সম্প্রতি সিনেমাটির অভিজ্ঞতা, যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় এবং এ নিয়ে স্বামী সিদ্ধার্থ মলহোত্রার মনোভাব সম্পর্কে কথা বলেছেন কিয়ারা আদভানি।
করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ অংশ নিয়ে এ প্রসঙ্গে মুখ খোলেন অভিনেত্রী। অনুষ্ঠানে করণ জানতে চান, যশের সঙ্গে তাঁর অন্তরঙ্গ দৃশ্যগুলো দেখে স্বামী সিদ্ধার্থের প্রতিক্রিয়া কেমন ছিল।
জবাবে কিয়ারা সিদ্ধার্থের নির্দিষ্ট কোনো প্রতিক্রিয়ার কথা জানাননি। তবে বলেন, স্বামীকে তিনি ভালো করেই চেনেন। তাই এ ধরনের দৃশ্য নিয়ে সিদ্ধার্থের বিশেষ কোনো সমস্যা নেই বলেই তাঁর ধারণা।
ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া এবং সামাজিক দৃষ্টিভঙ্গির বিষয়টিও উঠে আসে আলোচনায়। এ প্রসঙ্গে ঐশ্বরিয়া রাইয়ের উদাহরণ টানেন কিয়ারা। নিজের অভিনীত দৃশ্যগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য দেখেছেন জানিয়ে তিনি বলেন, অনেকেই বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। একই সঙ্গে এ ধরনের ঘটনায় সমাজের দ্বিচারিতাও তাঁর চোখে পড়েছে। তাই নিজের অভিনয়ের পক্ষে আলাদা করে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করেননি অভিনেত্রী।
‘টক্সিক’-এর বক্স অফিস ফলাফল নিয়েও নিজের হতাশার কথা জানান কিয়ারা। তাঁর ভাষ্য, সিনেমাটির এমন পরিণতি পুরো দলের কারও প্রত্যাশায় ছিল না। মুক্তির প্রথম সপ্তাহান্তের ফলাফল দেখে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। তবে পরবর্তী সময়ে দর্শকদের কাছ থেকে পাওয়া ইতিবাচক প্রতিক্রিয়া তাঁকে কিছুটা স্বস্তি দিয়েছে। বিশেষ করে চেনা অভিনয়গণ্ডির বাইরে গিয়ে ভিন্নধর্মী চরিত্রে কাজ করার জন্য প্রশংসা পেয়েছেন তিনি।