বলিউডে নিজের অবস্থান তৈরি করতে শুরু থেকেই নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। অভিনয়জগতে পা রাখার আগে নিজের পোর্টফোলিও তৈরির জন্য মায়ের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নিয়েছিলেন তিনি। তখন মাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, একদিন এই টাকা ফেরত দেওয়ার পাশাপাশি পরিবারকে গর্বিত করবেন।
সম্প্রতি হলিউডের জনপ্রিয় উপস্থাপক এলেন ডিজেনারেসের অনুষ্ঠানে অংশ নিয়ে ক্যারিয়ারের শুরুর দিকের সেই সংগ্রামের গল্প তুলে ধরেন দীপিকা। হলিউডের সিনেমা ‘এক্সএক্সএক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’-এর প্রচারের সময় অনুষ্ঠানটিতে গিয়েছিলেন তিনি।
সাক্ষাৎকারে নিজের বাবা, সাবেক ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোনের ক্যারিয়ার নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। দীপিকা জানান, এমন এক সময়ে তাঁর বাবা পেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড় হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, যখন ভারতে এ খেলায় ক্যারিয়ার গড়ার সুযোগ ছিল সীমিত। সে সময় অধিকাংশ মানুষের পছন্দের পেশা ছিল চিকিৎসক কিংবা আইনজীবী হওয়া। তবে প্রচলিত পথের বাইরে গিয়ে খেলোয়াড় হওয়ার সিদ্ধান্ত নেন তাঁর বাবা।
বাবার মতো ব্যাডমিন্টন খেলোয়াড় হওয়ার ইচ্ছা কখনো হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে দীপিকা জানান, চাইলে বাবাকে খুশি করার জন্য তিনিও সেই পথ বেছে নিতে পারতেন। তবে তাঁর বাবা সব সময় নিজের মনের ইচ্ছাকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিতেন।
দীপিকা বলেন, মাত্র ১৬ বছর বয়সেই তিনি বুঝতে পেরেছিলেন, অভিনয়ই তাঁর পছন্দের জায়গা। ক্যামেরার সামনে থাকতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন তিনি।
অভিনয়জীবনের প্রস্তুতি নিতে গিয়ে মায়ের কাছ থেকে টাকা ধার নেওয়ার স্মৃতিও তুলে ধরেন দীপিকা। তিনি জানান, একদিন মাকে বসিয়ে নিজের পরিকল্পনার কথা বলেন। পোর্টফোলিওর ছবি তোলার জন্য ১০ হাজার টাকা ধার চান। সেই সময় মাকে কথা দিয়েছিলেন, একদিন পরিবারকে গর্বিত করবেন এবং ধার করা অর্থও ফিরিয়ে দেবেন।
২০০৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় দীপিকার। এরপর ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা’, ‘পিকু’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’, ‘ছপাক’, ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘কাল্কি ২৮৯৮ এডি’র মতো আলোচিত সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি।
এবার আবারও শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমায় পর্দা ভাগাভাগি করতে দেখা যাবে এই অভিনেত্রীকে।