ঢাকাই সিনেমায় পর্দার ব্যর্থ প্রেমিক হিসেবেই দর্শকদের কাছে বিশেষ পরিচিত অভিনেতা বাপ্পারাজ। ‘চাচা হেনা কোথায়’সহ একাধিক সিনেমায় ব্যর্থ প্রেমিকের চরিত্রে অভিনয় করে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। অথচ বাস্তব জীবনে ভালোবাসার মানুষকে পেতে কম নাটকীয়তার মধ্য দিয়ে যেতে হয়নি এই অভিনেতাকে। পরিবারের অমত উপেক্ষা করে প্রেমিকাকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিলেন তিনি। সেই বিয়ের আয়োজন হয়েছিল প্রয়াত অভিনেতা সোহেল চৌধুরী ও অভিনেত্রী দিতির বাসায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রেম ও বিয়ের সেই গল্প তুলে ধরেন বাপ্পারাজ। জানান, ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী করতে চাইলেও শুরুতে পরিবারের সম্মতি পাননি। একপর্যায়ে দুজন পালিয়ে গিয়ে আশ্রয় নেন সোহেল চৌধুরী ও দিতির বাসায়।
সেখানেই কাজী ডেকে বিয়ে করেন তাঁরা। বাপ্পারাজের ভাষ্য, বিয়ের সময় সোহেল চৌধুরী বাসায় ছিলেন না। বিয়ে শেষে দুপুরে খাওয়া-দাওয়া করে বিশ্রাম নিচ্ছিলেন তাঁরা। এর মধ্যেই তাঁর বাবা নায়করাজ রাজ্জাক লোক পাঠিয়ে তাঁদের বাড়িতে নিয়ে যান।
সাক্ষাৎকারে বাপ্পারাজ বলেন, ‘সোহেল ও দিতির বাসায় কাজী ডেকে এনে বিয়ে করি। তবে সেই সময় সোহেল বাসায় ছিল না। এরপর দুপুরে খাওয়া-দাওয়া করে আমরা রেস্ট নিচ্ছিলাম। এমন সময় আব্বা লোক পাঠিয়ে আমাদের ধরে নিলেন। তারপর বাসায় দুই পক্ষের নানা কথা। অবশেষে একটা সময় সব ঠিক হয়।’
নায়করাজ রাজ্জাকের ছেলে হলেও চলচ্চিত্রে নিজের অভিনয়দক্ষতা দিয়েই আলাদা পরিচিতি গড়ে তুলেছেন বাপ্পারাজ। ‘চাঁপা ডাঙার বউ’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেকের পর ‘ঢাকা ৮৬’, ‘জ্বীনের বাদশা’, ‘প্রতিশ্রুতি’ ও ‘প্রেমের সমাধি’র মতো চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। পাশাপাশি ‘প্রেমের নাম বেদনা’, ‘ভুলো না আমায়’, ‘বাবা কেন চাকর’, ‘পাগলীর প্রেম’, ‘সন্তান যখন শত্রু’ ও ‘মা যখন বিচারক’ সিনেমায় তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়ায়।
বর্তমানে দুই সন্তানের বাবা বাপ্পারাজ। তাঁর দুই মেয়েই বিবাহিত।