গ্যাংস্টার চরিত্রে আবারও বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। অপরাধজগতের সংঘাত, রহস্য, অ্যাকশন ও রোমান্সের আবহে নির্মিত তাঁর নতুন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলারেই ইমরানের পাশাপাশি নজর কেড়েছেন জেনেলিয়া দেশমুখ ও অপরশক্তি খুরানা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটিতে এক গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন ইমরান। অতীতের নানা ঘটনা ও বর্তমানের জটিল পরিস্থিতিতে জড়িয়ে পড়া এই চরিত্রকে ঘিরেই আবর্তিত হয়েছে সিনেমার গল্প। ট্রেলারে অপরাধজগতের অন্ধকার বাস্তবতা, সংঘাত এবং বেশ কিছু উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য তুলে ধরা হয়েছে।
সিনেমাটির আরেকটি আকর্ষণ অপরশক্তি খুরানা। এবার তাঁকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে। ট্রেলারে অল্প সময়ের উপস্থিতিতেই তাঁর চরিত্রের ভয়ংকর দিকটি ফুটে উঠেছে। ইমরানের সঙ্গে তাঁর দ্বন্দ্ব গল্পে বাড়তি উত্তেজনা তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, জেনেলিয়া দেশমুখের উপস্থিতিও দর্শকদের কৌতূহল বাড়িয়েছে। ট্রেলারে তাঁকে খুব বেশি সময় দেখা না গেলেও তাঁর চরিত্রটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। সিনেমায় তাঁর ভূমিকা কী, তা এখনো বিস্তারিত প্রকাশ করা হয়নি।
গ্যাংস্টার ঘরানার গল্পের সঙ্গে অ্যাকশন ও রোমান্সের সমন্বয় থাকছে ‘গানমাস্টার জি৯’-এ। এর আগে ‘আওয়ারাপন ২’ ঘিরে ইমরান ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল। এবার নতুন সিনেমাটি নিয়েও প্রত্যাশা বাড়ছে তাঁর অনুসারীদের।
আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটির। একই দিনে মুক্তির অপেক্ষায় আয়ুষ্মান খুরানা ও শারভারি অভিনীত ‘ইয়ে প্রেম মল লিয়া’। ফলে মুক্তির পর বক্স অফিসে দুই সিনেমার মধ্যে প্রতিযোগিতা দেখা যেতে পারে।