বছরের শেষ মাসেই কি জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী? আগামী ৫ ডিসেম্বর তাঁর বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে টালিপাড়ায়। যদিও এ বিষয়ে অভিনেত্রী নিজে এখনো কোনো ঘোষণা দেননি, তবে সম্প্রতি খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরে তাঁর উপস্থিতি বিয়ের জল্পনাকে আরও উসকে দিয়েছে।
দীর্ঘদিন ধরেই মিমির ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে নানা আলোচনা চলছে। এর মধ্যেই সম্প্রতি দক্ষিণ কলকাতায় সব্যসাচীর স্টোর থেকে বের হতে দেখা যায় অভিনেত্রীকে। এরপর থেকেই প্রশ্ন উঠেছে, তবে কি বিয়ের পোশাক পছন্দ করতেই সেখানে গিয়েছিলেন তিনি?
টালিপাড়ার বিভিন্ন সূত্রের দাবি, আগামী ৫ ডিসেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে মিমির। পাত্র বিনোদনজগতের কেউ নন বলেও শোনা যাচ্ছে। সিদ্ধার্থ নামের এক ব্যক্তির সঙ্গে বেশ কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী—এমন দাবি ঘনিষ্ঠ মহলের। তিনি ভারতের নৌবাহিনীর সঙ্গে যুক্ত বলে একটি সূত্রে জানা গেলেও তাঁর পেশাগত পরিচয় নিয়ে ভিন্ন তথ্যও সামনে এসেছে।
তবে বিয়ের তারিখ, পাত্রের পরিচয় কিংবা আয়োজনের বিষয়ে মিমির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি। ফলে পুরো বিষয়টিই আপাতত গুঞ্জনের পর্যায়ে রয়েছে।
অন্যদিকে বিয়ের পোশাক নিয়ে আলোচনায় উঠে এসেছে ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের নাম। তারকাদের বিয়ের পোশাক তৈরিতে বিশেষ পরিচিতি রয়েছে তাঁর। দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, কিয়ারা আদবানি, অদিতি রাও হায়দারি ও রানি মুখার্জির মতো তারকাদের বিয়ের সাজে ছিল তাঁর নকশার ছোঁয়া।
মুম্বাইয়ের পাশাপাশি দক্ষিণ কলকাতাতেও রয়েছে সব্যসাচীর স্টোর। সেখানেই মিমির সাম্প্রতিক উপস্থিতি নতুন করে কৌতূহল তৈরি করেছে। তাহলে কি বিয়ের বিশেষ দিনে সব্যসাচীর নকশা করা পোশাকেই দেখা যাবে এই অভিনেত্রীকে? আপাতত সেই উত্তর জানতে অপেক্ষা করতে হচ্ছে মিমির আনুষ্ঠানিক বক্তব্যের জন্য।