রহস্য, সন্দেহ আর বিশ্বাসঘাতকতার জটিল আবর্তে এক মনস্তাত্ত্বিক খুনের গল্প নিয়ে বড় পর্দায় আসছে ‘আরএসভিপি মার্ডার’। পাহাড়ি পরিবেশে একটি অনুষ্ঠানকে ঘিরে এগোবে সিনেমার কাহিনি। আর এই রহস্য-রোমাঞ্চের গল্পে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। ছবিটি পরিচালনা করছেন অর্জুন দত্ত।
পছন্দের নির্মাতার সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জয়া। সিনেমাটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, অর্জুন তাঁর অত্যন্ত পছন্দের একজন পরিচালক। তাঁর পরবর্তী ছবির অংশ হতে পেরে আনন্দিত। পাশাপাশি একঝাঁক গুণী অভিনয়শিল্পীর সঙ্গে কাজের সুযোগকে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন তিনি।
ছবিতে নিজের চরিত্র নিয়েও বেশ আশাবাদী জয়া। তাঁর ভাষায়, চরিত্রটি আকর্ষণীয় এবং পর্দায় ফুটিয়ে তোলার ক্ষেত্রে রয়েছে আলাদা চ্যালেঞ্জ। ব্যক্তিগতভাবেও চরিত্রটি তাঁর ভালো লেগেছে। সিনেমাটি মুক্তির পর দর্শকের কাছে কতটা গ্রহণযোগ্যতা পায়, সেটি দেখার অপেক্ষায় রয়েছেন তিনি।
‘আরএসভিপি মার্ডার’ মূলত একটি মার্ডার মিস্ট্রি। পাহাড়ের কোলে আয়োজিত একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে শুরু হয় গল্প। আনন্দঘন পরিবেশে হঠাৎ আসে অস্বস্তিকর এক বার্তা। এরপর ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে উপস্থিত মানুষগুলোর সম্পর্কের আড়ালে চাপা পড়ে থাকা দ্বন্দ্ব, ঈর্ষা, ক্ষোভ ও বিশ্বাসঘাতকতার নানা ঘটনা।
বন্ধুত্ব, দাম্পত্য ও পারিবারিক সম্পর্কের জটিলতা গল্পটিকে এগিয়ে নেবে। খুনের রহস্য উন্মোচনের পাশাপাশি মানুষের মনস্তত্ত্ব এবং সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকা অপ্রকাশিত সত্যও গুরুত্ব পাবে সিনেমাটিতে।
জয়া আহসান ছাড়াও ছবিতে অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, লোকনাথ দে ও গৌরব রায়চৌধুরীসহ আরও অনেকে।