বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির দাম্পত্য জীবন নিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই তুঙ্গে। পর্দার বাইরের এই জুটির ব্যক্তিগত মুহূর্ত নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুললেন নির্মাতা ও সঞ্চালক করণ জোহর। জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নতুন পর্বে ডেট নাইট থেকে শুরু করে বেডরুমের প্রসঙ্গও উঠে আসে। আর করণের এক প্রশ্নে কিয়ারার তাৎক্ষণিক জবাব জমিয়ে দেয় পুরো আড্ডা।
সম্প্রতি প্রকাশিত অনুষ্ঠানের প্রোমোতে দেখা যায়, সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের স্মৃতি এবং দাম্পত্য জীবনের নানা বিষয় নিয়ে তাঁদের সঙ্গে খোলামেলা আড্ডা দিচ্ছেন করণ। একপর্যায়ে তিনি জানতে চান, সিনেমায় অভিনীত চরিত্রের প্রভাব কি বাস্তব জীবন, এমনকি বেডরুমেও পড়ে?
জবাবে সিদ্ধার্থ বলেন, কাজের বিষয় তাঁরা কখনো বাড়িতে নিয়ে আসেন না। বিশেষ করে বেডরুমে তো কাজের কোনো প্রভাবই থাকে না।
এরপর দম্পতির ডেট নাইট নিয়ে প্রশ্ন করেন করণ। তাঁর কৌতূহল, একসঙ্গে নৈশভোজের পরই কি তাঁদের সময় কাটানো শেষ হয়, নাকি রাতের গল্প আরও কিছুটা এগোয়?
করণের এমন খোলামেলা প্রশ্নে মজার ভঙ্গিতে বেবি বাম্পে হাত রেখে কিয়ারা বলেন, ‘যথেষ্ট হয়েছে! আর নয়।’ অভিনেত্রীর এমন জবাবে হাসিতে মেতে ওঠেন অনুষ্ঠানের উপস্থিত সবাই।
বর্তমানে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। ফলে তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে করণের প্রশ্নে কিয়ারার এই রসিকতাপূর্ণ প্রতিক্রিয়া দর্শকদের মধ্যেও বাড়তি কৌতূহল তৈরি করেছে।
অনুষ্ঠানের আড্ডায় উঠে আসে তাঁদের বিয়ের একটি মজার ঘটনাও। জয়সলমীরে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের অনুষ্ঠানে শাহিদ কাপুরের সঙ্গে মঞ্চে নাচতে উঠেছিলেন করণ জোহর। কিন্তু নাচ শেষ হওয়ার পর করণই একপ্রকার ধাক্কা দিয়ে শাহিদকে মঞ্চ থেকে নামিয়ে দেন। সেই পুরোনো ঘটনা মনে করে হাস্যরসেও মেতে ওঠেন তাঁরা।
সব মিলিয়ে দাম্পত্যের খুনসুটি, বিয়ের স্মৃতি আর করণের একের পর এক ব্যক্তিগত প্রশ্নে জমজমাট হয়ে উঠেছে ‘কফি উইথ করণ’-এর নতুন পর্বের প্রোমো।