অসুস্থ বাবার কোনো সন্ধান পাচ্ছেন না অভিনেত্রী মেঘলা মুক্তা। সোমবার (৯ নভেম্বর) রাত থেকে নিখোঁজ রয়েছেন তার বাবা। পরিবারের সদস্যরা বিভিন্ন হাসপাতালসহ সম্ভাব্য স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত তার সন্ধান পাননি। এ ঘটনায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে অভিনেত্রী ও তার পরিবারের।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বাবার নিখোঁজ হওয়ার খবর জানান মেঘলা।
অভিনেত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার রাত আনুমানিক ৮টার দিকে রাজধানীর উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকার উদ্দেশে রওনা হন তার বাবা। রাত ৮টা ৫০ মিনিটে মেয়ের সঙ্গে সর্বশেষ কথা হয় তার। এরপর থেকে বাবার মুঠোফোন বন্ধ পাচ্ছেন মেঘলা।
ফেসবুক পোস্টে মেঘলা জানান, তার বাবা শারীরিকভাবে অসুস্থ। এ কারণে তাকে নিয়ে পরিবারের উদ্বেগ আরও বেশি। উত্তরার আশপাশের বিভিন্ন হাসপাতাল এবং কুর্মিটোলা হাসপাতালসহ প্রয়োজনীয় জায়গায় খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি।
ইতোমধ্যে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পরিবারের সদস্যরা। তবে মঙ্গলবার সকাল পর্যন্ত বাবার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে গণমাধ্যমকে জানিয়েছেন অভিনেত্রী। বাবার নিখোঁজ হওয়ার ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি।
বাবার সন্ধান পেতে সবার সহযোগিতা চেয়ে মেঘলা লিখেছেন, কেউ তাকে কোথাও দেখে থাকলে, তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে কিংবা সামান্য কোনো সূত্র পেলেও যেন দ্রুত যোগাযোগ করেন। একটি ছোট তথ্যও তার বাবাকে খুঁজে পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা প্রকাশ করেছেন অভিনেত্রী।
মেঘলা জানান, উত্তরখানে তাদের একটি জায়গায় নির্মাণকাজ চলছে। সেই কাজ তদারকি করতেই সেখানে গিয়েছিলেন তার বাবা। পরে বসুন্ধরার বাসায় ফেরার জন্য রওনা দিলেও আর বাড়িতে পৌঁছাননি।
উল্লেখ্য, গত ২৮ জুলাই রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন মেঘলা মুক্তা। দুর্ঘটনার পর বেশ কিছুদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকতে হয় তাকে। সুস্থ হওয়ার পর এ ঘটনায় আইনি পদক্ষেপও নেন তিনি। তবে প্রত্যাশিত ফল পাননি বলে ঢাকা পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন অভিনেত্রী।