পর্দার তারকা এবার রান্নাঘরে, পূর্বপুরুষের ঐতিহ্য ফেরাতে নতুন লড়াই

বিনোদন ডেস্ক

বিনোদন

অভিনয়, সংগীত ও কৌতুক—বহুমুখী প্রতিভার জন্য পরিচিত মার্কিন অভিনেত্রী অ্যাওকাফিনা এবার নাম লিখিয়েছেন রন্ধনশিল্পে। তবে শখের বশে নয়, পরিবারের হারিয়ে

2026-11-09T17:11:19+00:00
2026-11-09T17:11:19+00:00
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
বিনোদন
পর্দার তারকা এবার রান্নাঘরে, পূর্বপুরুষের ঐতিহ্য ফেরাতে নতুন লড়াই
বিনোদন ডেস্ক
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৫:১১ পিএম 
মার্কিন অভিনেত্রী অ্যাওকাফিনা
অভিনয়, সংগীত ও কৌতুক—বহুমুখী প্রতিভার জন্য পরিচিত মার্কিন অভিনেত্রী অ্যাওকাফিনা এবার নাম লিখিয়েছেন রন্ধনশিল্পে। তবে শখের বশে নয়, পরিবারের হারিয়ে যাওয়া রেস্তোরাঁর ঐতিহ্য ফিরিয়ে আনতেই রান্না শেখার পাশাপাশি রেস্তোরাঁ পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

রান্নার অভিজ্ঞতা প্রায় না থাকার পরও কীভাবে ধীরে ধীরে রাঁধুনি হয়ে উঠলেন এবং একটি রেস্তোরাঁ চালুর স্বপ্ন দেখছেন, সেই গল্প উঠে এসেছে তাঁর নতুন তথ্যচিত্রধর্মী ধারাবাহিক ‘অ্যাওকাফিনা: দ্য আনলাইকলি কুক’-এ। আট পর্বের এই ধারাবাহিক গত ৬ নভেম্বর অ্যাপল টিভিতে মুক্তি পেয়েছে।

ধারাবাহিকটিতে দেখা যায়, রান্নার প্রাথমিক কৌশল থেকে শুরু করে জটিল খাবার তৈরি এবং রেস্তোরাঁ পরিচালনার খুঁটিনাটি শিখছেন অ্যাওকাফিনা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ঘুরে অভিজ্ঞ রন্ধনশিল্পীদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। রান্নার পাশাপাশি খাবারের তালিকা তৈরি, কর্মী নিয়োগ, রেস্তোরাঁর পরিচিতি ও সাজসজ্জা নির্ধারণের মতো ব্যবসায়িক বিষয়েও অভিজ্ঞতা অর্জন করেছেন।

অ্যাওকাফিনার প্রকৃত নাম নোরা লাম। তাঁর পরিবারের রয়েছে রেস্তোরাঁ ব্যবসার দীর্ঘ ইতিহাস। নিউইয়র্কের কুইন্সে পরিবারের পরিচালিত ক্যান্টনিজ রেস্তোরাঁ ‘লামস’ একসময় বেশ জনপ্রিয় ছিল। প্রায় চার দশক ব্যবসা করার পর ১৯৯০-এর দশকে রেস্তোরাঁটি বন্ধ হয়ে যায়। পরিবারের সেই পুরোনো ঐতিহ্য আবার ফিরিয়ে আনার আকাঙ্ক্ষা থেকেই নতুন এই উদ্যোগের পরিকল্পনা করেন অভিনেত্রী।

নিজের পারিবারিক রান্নার ঐতিহ্য ও খাবারের বৈচিত্র্য সম্পর্কে জানতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেছেন তিনি। টেক্সাসে পরিবারের পুরোনো রেসিপি অনুসরণ করে বারবিকিউ স্পেয়ার রিবস তৈরির কৌশল শিখেছেন। হাওয়াইয়ে পরিচিত হয়েছেন স্থানীয় খাবার ও পানীয় সংস্কৃতির সঙ্গে। সান ফ্রান্সিসকোতে শিখেছেন পেকিং ডাক তৈরির পদ্ধতি। বিখ্যাত রন্ধনশিল্পী মার্টিন ইয়ানের কাছ থেকে নিয়েছেন চিকেন চাওমিন রান্নার প্রশিক্ষণ।

রান্নার পাশাপাশি রেস্তোরাঁর বাস্তব অভিজ্ঞতাও অর্জন করেছেন অ্যাওকাফিনা। লস অ্যাঞ্জেলেসের একটি চীনা রেস্তোরাঁয় পরিবেশনকর্মী হিসেবে কাজ করেছেন তিনি। রন্ধনশিল্পী রয় চয়ের কাছ থেকে শিখেছেন কোরীয় ধাঁচের ডাম্পলিং তৈরি। তাঁর এই যাত্রায় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের এশীয়-আমেরিকান খাবারের বৈচিত্র্য এবং অভিবাসী পরিবারগুলোর খাদ্যসংস্কৃতিও।

তাঁর নতুন উদ্যোগের প্রথম বড় পরীক্ষা ছিল ম্যানহাটনে এক রাতের জন্য পরিবারের পুরোনো রেস্তোরাঁ ‘লামস’-এর আদলে বিশেষ খাবারের আয়োজন। সেখানে প্রায় ৫০ জন অতিথিকে খাবার পরিবেশন করা হয়। খাবারের তালিকায় ছিল পরিবারের ঐতিহ্যবাহী কয়েকটি পদ এবং অ্যাওকাফিনার নিজস্ব পছন্দ ও সৃজনশীলতার সংমিশ্রণে তৈরি নতুন কিছু খাবার। আয়োজনের জন্য একটি পিৎজার দোকানকে সাময়িকভাবে রেস্তোরাঁয় রূপান্তর করা হয়েছিল।

অ্যাওকাফিনা জানিয়েছেন, আগে রান্নার প্রতি তাঁর বিশেষ আগ্রহ ছিল না। বন্ধুদের রান্না করতে দেখলেও নিজেকে কখনো এই জগতের মানুষ বলে মনে হয়নি। কিন্তু নতুন অভিজ্ঞতা তাঁর সেই ধারণা বদলে দিয়েছে। এখন অসুস্থ বোধ করলে নিজের জন্য স্যুপ রান্না করার কথাও ভাবেন। রান্নার উপকরণ বাছাই থেকে শুরু করে খাবারের স্বাদ ও পরিবেশনা—সবকিছুতেই তৈরি হয়েছে তাঁর আগ্রহ।

এই উদ্যোগের সঙ্গে জড়িয়ে আছে তাঁর ব্যক্তিগত ও পারিবারিক স্মৃতিও। ছোটবেলায় মাকে হারানোর পর বাবা ও দাদির কাছে বড় হয়েছেন অ্যাওকাফিনা। পরিবারের পুরোনো খাবারগুলো নতুন করে তৈরি করার মধ্য দিয়ে পূর্বপুরুষদের সঙ্গে এক ধরনের আত্মিক সংযোগ অনুভব করেন তিনি। তাঁর কাছে খাবার তৈরি কেবল রান্নার কাজ নয়, ভালোবাসা প্রকাশেরও একটি মাধ্যম।

ধারাবাহিকটির নির্বাহী প্রযোজক ডেভিড ব্রিন্ডলি জানান, শুরুতে এশীয়-আমেরিকান খাবার ও সংস্কৃতি নিয়ে একটি ভ্রমণভিত্তিক অনুষ্ঠান তৈরির পরিকল্পনা ছিল। তবে কাজ এগোনোর সঙ্গে সঙ্গে এটি অ্যাওকাফিনার ব্যক্তিগত জীবন ও পারিবারিক ইতিহাসের গল্পে পরিণত হয়। ফলে খাবারের পাশাপাশি অভিবাসী পরিবারের ঐতিহ্য, শিকড়ের সন্ধান এবং পরবর্তী প্রজন্মের কাছে পারিবারিক উত্তরাধিকার পৌঁছে দেওয়ার বিষয়গুলোও গুরুত্ব পেয়েছে।

এক রাতের বিশেষ আয়োজনেই সীমাবদ্ধ থাকতে চান না অ্যাওকাফিনা। পরিবারের পুরোনো রেস্তোরাঁ ‘লামস’ দীর্ঘমেয়াদে আবার চালু করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। নতুন ধারাবাহিকের অভিজ্ঞতা তাঁকে সেই স্বপ্ন বাস্তবায়নে আত্মবিশ্বাস জুগিয়েছে।

অভিনেত্রী থেকে রাঁধুনি, এরপর রেস্তোরাঁ উদ্যোক্তা হওয়ার এই যাত্রা অ্যাওকাফিনার কাছে নিছক পেশা বদলের গল্প নয়। এর সঙ্গে জড়িয়ে আছে পারিবারিক স্মৃতি, নিজের শিকড় খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা এবং হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে ফিরিয়ে আনার আবেগ।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: