ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের রহস্যময় এক ফেসবুক পোস্ট ঘিরে শোবিজ অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। অভিনয় কিংবা নতুন কোনো কাজের খবর নয়, এবার ব্যক্তিগত একটি ঘোষণা সামনে আসতে পারে—এমন জল্পনাই ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে চমক লেখেন, ‘অনেক দিন চুপ ছিলাম। আর না। আজকেই সব সামনে আনব। আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা।’
তবে কী বিষয়ে এত দিন নীরব ছিলেন, কিংবা ঠিক কী প্রকাশ করতে যাচ্ছেন, সে সম্পর্কে পোস্টে কোনো বিস্তারিত জানাননি অভিনেত্রী।
তাঁর এই সংক্ষিপ্ত অথচ ইঙ্গিতপূর্ণ বার্তার পর থেকেই কৌতূহল তৈরি হয়েছে অনুসারীদের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। কেউ ধারণা করছেন, ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কথা প্রকাশ্যে আনতে পারেন চমক। আবার কেউ তাঁকে বিষয়টি পরিষ্কার করে জানানোর পরামর্শ দিচ্ছেন। তবে এসবই ভক্তদের অনুমান; এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে এখনো নিশ্চিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মধ্য দিয়ে পরিচিতি পান রুকাইয়া জাহান চমক। ২০২০ সাল থেকে নিয়মিত অভিনয় শুরু করেন তিনি। ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হাজব্যান্ড’-এর মতো নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করে দর্শকের নজর কাড়েন।
অভিনয়ের পাশাপাশি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন চমক। সম্প্রতি গায়িকা জিনিয়া জাফরিন লুইপার ‘চুড়ি ছাম ছাম’ শিরোনামের গানে লাল শাড়ি, রেশমি চুড়ি ও ভারী গয়নার সাজে হাজির হয়ে আলোচনায় আসেন তিনি।