মডেলিং থেকে সালমানের নায়িকা, কে এই চিত্রাঙ্গদা সিং?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন

বলিউড সুপারস্টার সালমান খানের নতুন ছবিতে নায়িকা হিসেবে হাজির হচ্ছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবির

2026-11-09T15:33:18+00:00
2026-11-09T15:33:18+00:00
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
বিনোদন
মডেলিং থেকে সালমানের নায়িকা, কে এই চিত্রাঙ্গদা সিং?
আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:৩৩ পিএম 
অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং
বলিউড সুপারস্টার সালমান খানের নতুন ছবিতে নায়িকা হিসেবে হাজির হচ্ছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবির মাধ্যমে ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি। তবে সালমানের বিপরীতে অভিনয়ের সুযোগই শুধু নয়, দীর্ঘ দুই দশকের অভিনয়জীবনে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন এই অভিনেত্রী। মডেলিং, মিউজিক ভিডিও, চলচ্চিত্র থেকে শুরু করে ওটিটি—বিভিন্ন মাধ্যমে কাজ করে বলিউডে জায়গা করে নিয়েছেন চিত্রাঙ্গদা। পর্দার বাইরেও তার জীবন, সম্পর্ক, বিরতি ও বিতর্ক নিয়ে রয়েছে নানা গল্প।

মিরাটে জন্ম, সেনা পরিবারে বেড়ে ওঠা

১৯৭৬ সালের ২৮ মার্চ ভারতের উত্তর প্রদেশের মিরাটে জন্ম চিত্রাঙ্গদা সিংয়ের। তার বাবা নিরঞ্জন সিং ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। বাবার পেশাগত দায়িত্বের কারণে শৈশবেই পরিবারের সঙ্গে বিভিন্ন শহরে থাকতে হয়েছে তাকে। মা ছিলেন গৃহিণী। সেনা পরিবারের শৃঙ্খলা ও পরিবেশেই কেটেছে তার বেড়ে ওঠার সময়।

মডেলিং থেকে অভিনয়ের জগতে

দিল্লিতে মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন চিত্রাঙ্গদা। পরে টেলিভিশন বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে কাজ করে পরিচিতি পান। বিশেষ করে প্রখ্যাত নির্মাতা গুলজারের ‘সানসেট পয়েন্ট’ মিউজিক ভিডিওতে অংশ নেওয়ার পর নজরে আসেন তিনি।

২০০৫ সালে সুধীর মিশ্র পরিচালিত ‘হাজারো খোয়াইশেঁ অ্যায়সি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। ছবিতে গীতা রাও চরিত্রে অভিনয় করে প্রশংসা পান চিত্রাঙ্গদা। অভিনয়ের স্বাভাবিকতা ও পর্দায় উপস্থিতির কারণে সে সময় অনেকেই তার সঙ্গে কিংবদন্তি অভিনেত্রী স্মিতা পাতিলের তুলনা করেছিলেন।

প্রেম, বিয়ে ও বিচ্ছেদের গল্প

অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় ছিলেন চিত্রাঙ্গদা। দীর্ঘদিনের সম্পর্কের পর ২০০১ সালে ভারতীয় গলফার জ্যোতি রান্ধাওয়াকে বিয়ে করেন তিনি। কিশোর বয়স থেকেই দুজনের পরিচয় ছিল। জ্যোতি ছিলেন চিত্রাঙ্গদার বড় ভাই দিগ্বিজয় সিংয়ের বন্ধু।

২০০৮ সালে তাদের সংসারে জন্ম নেয় একমাত্র সন্তান জ্যোরাওয়ার। সন্তানের দেখাশোনা ও পরিবারকে সময় দিতে অভিনয় থেকে কিছুটা বিরতি নেন অভিনেত্রী। তবে দীর্ঘস্থায়ী হয়নি সেই দাম্পত্য। ২০১৪ সালে জ্যোতি রান্ধাওয়ার সঙ্গে বিচ্ছেদ ঘটে তার।

বিরতি পেরিয়ে পর্দায় প্রত্যাবর্তন

২০০৮ সালে ‘সরি ভাই!’ সিনেমার মাধ্যমে অভিনয়ে ফেরেন চিত্রাঙ্গদা। এরপর ২০১১ সালে সুধীর মিশ্রের ‘ইয়ে সালি জিন্দেগি’ ছবিতে অভিনয় করে আবারও আলোচনায় আসেন।

একই বছর অক্ষয় কুমার ও জন আব্রাহামের সঙ্গে ‘দেশি বয়েজ’ সিনেমায় ভিন্নধর্মী গ্ল্যামারাস চরিত্রে দেখা যায় তাকে। ২০১৩ সালে অর্জুন রামপালের বিপরীতে ‘ইনকার’ ছবিতে অভিনয় করেন। করপোরেট জগতের ক্ষমতার দ্বন্দ্ব ও যৌন হয়রানির মতো সংবেদনশীল বিষয় নিয়ে নির্মিত সিনেমাটিতে তার অভিনয় প্রশংসিত হয়।

এ ছাড়া ‘আই, মি অউর ম্যায়’, ‘গব্বর ইজ ব্যাক’, ‘মুন্না মাইকেল’, ‘সাহেব বিবি অউর গ্যাংস্টার ৩’ এবং ‘বাজার’-এর মতো সিনেমায় কাজ করেছেন তিনি। প্রতিটি কাজেই ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে উপস্থাপনের চেষ্টা করেছেন এই অভিনেত্রী।

শুটিং সেটের বিতর্কে আলোচনায়

২০১৭ সালে ‘বাবুমশাই বন্দুকবাজ’ সিনেমার শুটিং ঘিরে বড় ধরনের বিতর্কে জড়ান চিত্রাঙ্গদা। পরিচালক কুশান নন্দীর সঙ্গে একটি অন্তরঙ্গ দৃশ্যের শুটিং এবং পোশাক নিয়ে তার মতবিরোধ তৈরি হয়। সহশিল্পী নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে দৃশ্যটির শুটিং করতে অস্বস্তি প্রকাশ করেন তিনি। এ নিয়ে পরিচালকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর সেট ছেড়ে চলে যান অভিনেত্রী। পরে ছবিটি থেকে সরে দাঁড়ান তিনি। তার জায়গায় অভিনয় করেন বিদিতা বাগ।

অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও

শুধু অভিনয়েই নিজেকে সীমাবদ্ধ রাখেননি চিত্রাঙ্গদা। ২০১৮ সালে ভারতীয় হকি খেলোয়াড় সন্দ্বীপ সিংয়ের জীবনীভিত্তিক সিনেমা ‘সূরমা’ প্রযোজনার মধ্য দিয়ে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করেন। দিলজিৎ দোসাঞ্জ ও তাপসী পান্নু অভিনীত ছবিটি ছিল তার প্রযোজনা জগতের প্রথম কাজ।

ওটিটি প্ল্যাটফর্মেও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। ২০২১ সালে অভিষেক বচ্চনের সঙ্গে ‘বব বিশ্বাস’ সিনেমায় অভিনয় করেন। পরের বছর ‘মডার্ন লাভ মুম্বাই’ অ্যান্থোলজি সিরিজ ও ‘গ্যাসলাইট’-এ দেখা যায় তাকে। ২০২৫ সালে নেটফ্লিক্সের ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ অভিনয় করেও দর্শকদের নজর কাড়েন চিত্রাঙ্গদা।

সম্পদের পরিমাণ ও নতুন সিনেমা

বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী, বিজ্ঞাপন, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ও অভিনয় থেকে চিত্রাঙ্গদার আনুমানিক সম্পদের পরিমাণ প্রায় ৪০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৬ কোটি টাকা। তবে এটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো হিসাব নয়।

দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে কাজ করা চিত্রাঙ্গদার সামনে এবার নতুন চ্যালেঞ্জ সালমান খানের সঙ্গে পর্দা ভাগাভাগি করা। ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবিটি ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। মডেলিং দিয়ে শুরু করে বলিউড ও ওটিটির পরিচিত মুখ হয়ে ওঠা এই অভিনেত্রী নতুন ছবিতে দর্শকদের কতটা মুগ্ধ করতে পারেন, এখন সেটিই দেখার অপেক্ষা।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: