বরের মুখ ঢেকে বিয়ে, পরিচয় প্রকাশে নারাজ পারশা

বিনোদন ডেস্ক

বিনোদন

হঠাৎ বিয়ের খবর প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন সংগীতশিল্পী পারশা মাহজাবীন। গত ২৬ অক্টোবর দেশের বাইরে তাঁর আক্‌দ সম্পন্ন হয়েছে।

2026-11-08T15:17:09+00:00
2026-11-08T15:17:09+00:00
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
বিনোদন
বরের মুখ ঢেকে বিয়ে, পরিচয় প্রকাশে নারাজ পারশা
বিনোদন ডেস্ক
রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৩:১৭ পিএম 
বিয়ের খবর প্রকাশ করলেন সংগীতশিল্পী পারশা মাহজাবীন।
হঠাৎ বিয়ের খবর প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন সংগীতশিল্পী পারশা মাহজাবীন। গত ২৬ অক্টোবর দেশের বাইরে তাঁর আক্‌দ সম্পন্ন হয়েছে। তবে বিয়ের খবর জানালেও জীবনসঙ্গীর পরিচয় প্রকাশ করতে চান না এই গায়িকা। সামাজিক মাধ্যমে বিয়ের ছবি প্রকাশের সময়ও ফুল দিয়ে ঢেকে রেখেছেন বরের মুখ। এ নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল।

বরের পরিচয় জানতে আগ্রহীদের উদ্দেশে মজার ছলে পারশা বলেছেন, ‘বরের পরিচয় জানতে চেয়ে আমাকে বা আমার পরিবারকে বিব্রত করবেন না।’ আপাতত স্বামীর পরিচয় আড়ালে রাখার সিদ্ধান্তেই অনড় তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের নানা দিক নিয়ে কথা বলেন পারশা। জানান, দেশের বাইরে আক্‌দ হলেও ভিসা জটিলতার কারণে তাঁর পরিবারের কেউ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে বরের পরিবারের সদস্যরা সেখানে ছিলেন। বিয়ের আনুষ্ঠানিকতা এখনো পুরোপুরি শেষ হয়নি। আগামী ছয় মাসের মধ্যে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়ে বাকি আয়োজন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

স্বামীর পরিচয় গোপন রাখার কারণ ব্যাখ্যা করে পারশা জানান, নাম প্রকাশ করলেই অনেকেই তাঁকে চিনে ফেলবেন। তাই আপাতত পরিচয় প্রকাশে আগ্রহী নন তিনি। প্রায় এক বছর আগে দেশের বাইরে ভ্রমণের সময় তাঁদের পরিচয় হয়। পরে কথাবার্তার মধ্য দিয়ে সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে নিজের পছন্দের কথা পরিবারকে জানান পারশা। তাঁর সিদ্ধান্তে পরিবারেরও সম্মতি ছিল।

বিয়ের ছবিতে বরের মুখ ঢেকে রাখার পেছনে সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে একটি বার্তাও দিতে চেয়েছেন এই শিল্পী। তাঁর মতে, নারীর মুখ ঢাকা নিয়ে সমাজে যে স্বাভাবিকতা দেখা যায়, পুরুষের ক্ষেত্রে তা ততটা নেই। বিভিন্ন সংস্কৃতিতে দীর্ঘদিন ধরে কনের মুখ ঘোমটা বা পর্দায় ঢেকে রাখার প্রচলন থাকলেও বরের মুখ আড়াল করলেই মানুষের কৌতূহল বেড়ে যায়।

পারশার ভাষ্য, বিয়ে দুজনের হলেও মুখ ঢাকা নিয়ে মানুষের আগ্রহ যেন একজনকে ঘিরেই। প্রচলিত সামাজিক দৃশ্যপট এক দিনের জন্য উল্টে দিয়েছেন তিনি। এতে কারও অস্বস্তি হলে সেটি তাঁর ছবির চেয়ে মানুষের দৃষ্টিভঙ্গি নিয়েই বেশি প্রশ্ন তোলে।

নারীর পোশাক ও সৌন্দর্যকে পুরুষের আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত করার প্রচলিত ধারণারও সমালোচনা করেছেন পারশা। তাঁর মতে, ব্যক্তিগত পছন্দে কেউ পর্দা করলে আপত্তির কিছু নেই। কিন্তু সেই সিদ্ধান্তের স্বাধীনতা অন্য কেউ নিয়ন্ত্রণ করতে চাইলে তা গ্রহণযোগ্য নয়।

জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে নিজের প্রত্যাশার কথাও জানিয়েছেন এই সংগীতশিল্পী। ছোটবেলা থেকে বাবার ভালোবাসা, আদর ও নিরাপত্তায় বড় হয়েছেন তিনি। জীবনসঙ্গীর কাছেও চেয়েছিলেন তেমন নির্ভরতা ও নিশ্চিন্ত আশ্রয়। পারশার কথায়, বাবার প্রায় প্রতিচ্ছবির মতো একজন মানুষ পেয়েছেন তিনি। পাশাপাশি মানুষ, পশুপাখি ও প্রকৃতির প্রতি সংবেদনশীলতাও ছিল তাঁর প্রত্যাশার তালিকায়।

এমন একজন সঙ্গী চেয়েছেন পারশা, যাঁর সঙ্গে দর্শন, বিজ্ঞান, শিল্প, সাহিত্যসহ জীবনের নানা বিষয় নিয়ে আলোচনা ও তর্ক করা যায়। যাঁর মানবিকতা শুধু কথায় নয়, আচরণেও প্রকাশ পায়।

জীবনসঙ্গী নির্বাচনে নিজের স্বাধীনতা ও স্বকীয়তার গুরুত্ব তুলে ধরে পারশা বলেন, ‘আমি কখনো এমন পুরুষ খুঁজিনি, যিনি আমাকে রাজমুকুট পরিয়ে দেবেন। আমি এমন একজনকে খুঁজেছি, যিনি কখনোই আমার মাথা থেকে সেই মুকুট খুলে রাখতে বলবেন না।’

কোটা সংস্কার আন্দোলনের সময় ‘চলো ভুলে যাই’ গান গেয়ে আলোচনায় আসেন পারশা মাহজাবীন। সংগীতের পাশাপাশি অভিনয়েও কাজ করেছেন তিনি। এবার বিয়ের খবর দিয়ে আলোচনায় এলেও জীবনসঙ্গীর পরিচয় আপাতত রহস্যেই রাখতে চান এই জেন-জি শিল্পী।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: