ব্রিটিশ কমেডিয়ান ও অভিনেতা রাসেল ব্র্যান্ডকে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের আদালত। প্রায় দুই দশক আগে চার নারীর ওপর যৌন সহিংসতার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার পর সোমবার (৯ নভেম্বর) লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট এ রায় ঘোষণা করেন। একসময় ব্রিটেনের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ও হলিউডের পরিচিত মুখ এই অভিনেতাকে সাজা ঘোষণার সময় বিচারক ‘যৌন শিকারি’ হিসেবে আখ্যায়িত করেন।
৫১ বছর বয়সী রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে এসব অপরাধ সংঘটনের অভিযোগ ওঠে। চার সপ্তাহের বিচার শেষে জুরি বোর্ড তাকে একটি ধর্ষণ এবং তিনটি যৌন নিপীড়নের ঘটনায় দোষী সাব্যস্ত করেন। তবে আরও দুটি ধর্ষণ এবং একটি শালীনতাবিরোধী যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়। শুরু থেকেই নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছিলেন ব্র্যান্ড।
সোমবার বিচারক জোয়েল বেনাথান সাজা ঘোষণা করেন। আদালতে উপস্থিত থেকে রায় শোনেন ব্র্যান্ড। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, তাকে মোট ১০ বছর ছয় মাস কারাগারে থাকতে হবে। তবে সাজার দুই-তৃতীয়াংশ সময় পার করার পর শর্তসাপেক্ষে মুক্তি পাওয়ার সুযোগ রয়েছে।
রায় ঘোষণার সময় বিচারক বলেন, ব্র্যান্ড নিজেকে এমন একজন ব্যক্তি মনে করতেন, যার খ্যাতি তাকে যা ইচ্ছা তা করার অধিকার দিয়েছে। সাধারণ মানুষের জন্য প্রযোজ্য নিয়মকানুন তার ক্ষেত্রে কার্যকর নয়—এমন ধারণা থেকেই তিনি আচরণ করতেন বলে মন্তব্য করেন বিচারক।
তিনি আরও বলেন, কোনো নারী কী পোশাক পরেছেন, কোথায় গেছেন কিংবা কী পান করেছেন, তা তার ‘না’ বলার অধিকার কেড়ে নিতে পারে না। সম্মতি ছাড়া যৌন আচরণের মাধ্যমে ব্র্যান্ড নারীদের অধিকার লঙ্ঘন করেছেন। যৌন নিপীড়নের শিকার প্রত্যেক নারীর ফৌজদারি আদালতে ন্যায়বিচার চাওয়ার অধিকার রয়েছে।
সাজা ঘোষণার পর কারাগারে নেওয়ার আগে স্ত্রীকে উদ্দেশ করে ঠোঁট নেড়ে ‘আই লাভ ইউ’ বলেন ব্র্যান্ড। পরে তাকে আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়।
ভুক্তভোগীদের সাহসিকতার প্রশংসা পুলিশের
রায়ের পর আদালতের বাইরে বক্তব্য দেন লন্ডন মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা সুপারিনটেনডেন্ট অ্যান্ডি ফার্ফি। তিনি ব্র্যান্ডের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সামনে আসা নারীদের সাহস, মর্যাদা ও মানসিক দৃঢ়তার প্রশংসা করেন।
ফার্ফি বলেন, ভুক্তভোগীদের অভিযোগ জানানোর সিদ্ধান্ত শুধু এই মামলার বিচার নিশ্চিত করতেই ভূমিকা রাখেনি, বরং যৌন সহিংসতার শিকার অন্য নারীদেরও নিজেদের অভিজ্ঞতা প্রকাশে উৎসাহিত করতে পারে। তাদের সাহসিকতা অন্য ভুক্তভোগীদের পুলিশের কাছে অভিযোগ জানাতে অনুপ্রাণিত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এদিকে রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে তদন্ত এখনো শেষ হয়নি। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আরও দুটি ধর্ষণের অভিযোগ নিয়ে তদন্ত চলছে। এর মধ্যে একটি অভিযোগে বলা হয়েছে, ঘটনার সময় ভুক্তভোগী নারীর বয়স ছিল মাত্র ১৬ বছর। পুলিশের কমিশনার মার্ক রাউলি শুক্রবার বলেন, আরও অনেক নারী ব্র্যান্ডের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সামনে এলে তিনি অবাক হবেন না।
খ্যাতি ও প্রভাব কাজে লাগিয়ে নিপীড়নের অভিযোগ
একসময় ব্রিটিশ বিনোদনজগতের অন্যতম পরিচিত মুখ ছিলেন রাসেল ব্র্যান্ড। টেলিভিশন উপস্থাপক হিসেবে দ্রুত কথা বলার ধরন, ব্যতিক্রমী পোশাক ও বর্ণাঢ্য ব্যক্তিত্বের কারণে জনপ্রিয়তা পান তিনি। পরে হলিউডেও জায়গা করে নেন। ‘ফরগেটিং সারাহ মার্শাল’, ‘গেট হিম টু দ্য গ্রিক’ ও ‘আর্থার’-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি অর্জন করেন। তিনি মার্কিন পপতারকা কেটি পেরির সাবেক স্বামী।
তবে সাম্প্রতিক বছরগুলোতে মূলধারার বিনোদনজগৎ থেকে অনেকটাই দূরে সরে যান ব্র্যান্ড।
বিচার চলাকালে সাক্ষ্য দিতে গিয়ে নিজের অতীত জীবনযাপন সম্পর্কে কথা বলেন তিনি। ব্র্যান্ড স্বীকার করেন, জীবনের বড় একটি সময় বেপরোয়া নারীসঙ্গ ও দায়িত্বজ্ঞানহীন আচরণে কাটিয়েছেন। নিজের সেই সময়কে তিনি ‘বেপরোয়া নারীসঙ্গ ও নির্বুদ্ধিতা’ বলে বর্ণনা করেন। তবে তার দাবি, যৌন সম্পর্কে সম্মতির বিষয়টি সব সময়ই তার কাছে গুরুত্বপূর্ণ ছিল এবং তিনি কখনো অসম্মতিমূলক যৌন সম্পর্কে জড়াননি।
কিন্তু বিচার শেষে জুরি বোর্ড তার বিরুদ্ধে আনা চারটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেন। মামলায় তার খ্যাতি, সামাজিক অবস্থান ও প্রভাবের অপব্যবহারের বিষয়টিও গুরুত্ব পায়।
দীর্ঘদিনের মানসিক যন্ত্রণার কথা জানালেন ভুক্তভোগীরা
আদালতে অভিযোগকারী এক নারী জানান, ২০০৪ সালে ব্র্যান্ড তাকে যৌন নিপীড়নের পাশাপাশি জোরপূর্বক ওরাল সেক্সে বাধ্য করেছিলেন। ওই ঘটনার পর থেকে দীর্ঘদিন ধরে মানসিক আঘাত ও অপরাধবোধে ভুগেছেন তিনি। তবে তার অভিযোগের ভিত্তিতে ব্র্যান্ড যৌন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত হলেও ধর্ষণের অভিযোগ থেকে খালাস পান।
আদালতে পর্দার আড়াল থেকে সাক্ষ্য দেওয়ার সময় ওই নারী বলেন, ঘটনার জন্য নিজের মধ্যে যে অযাচিত লজ্জাবোধ তৈরি হয়েছিল, তা দুই দশকেরও বেশি সময় ধরে বয়ে বেড়াচ্ছেন। প্রায়ই তার মনে হয়েছে, তিনি অন্যভাবে কিছু করলে হয়তো ঘটনাটি এড়ানো যেত। এই আত্মদোষারোপ দীর্ঘদিন তাকে মানসিকভাবে বিপর্যস্ত রেখেছে।
অন্য এক নারী অভিযোগ করেন, ২০০৯ সালে ব্র্যান্ড তাকে পায়ুপথে ধর্ষণ করেছিলেন। তার লিখিত বক্তব্য আদালতে পড়ে শোনান কৌঁসুলিরা। ওই নারী জানান, ঘটনার মানসিক ক্ষত এখনো তার কাছে শেষ না হওয়া যন্ত্রণার মতো।
তিনি বলেন, ঘটনার সময় পুলিশের কাছে অভিযোগ জানানোর সাহস পাননি। ব্র্যান্ডের পরিচিতি ও প্রভাবের কারণে তার আশঙ্কা ছিল, কেউ হয়তো তার অভিযোগ বিশ্বাস করবে না। খ্যাতি, সম্পদ ও সামাজিক অবস্থানের কারণে দুজনের মধ্যে যে ক্ষমতার অসমতা তৈরি হয়েছিল, তাতে নিজেকে অসহায় মনে হতো তার।
বিনোদনজগতে যৌন নিপীড়ন নিয়ে নতুন আলোচনা
মামলার কৌঁসুলি রিয়েল কারমি-জোনস আদালতে বলেন, ব্র্যান্ড নিজের খ্যাতি ও প্রভাবের মাধ্যমে অর্জিত ক্ষমতার অপব্যবহার করেছেন। মামলার বিচার ও রায় ব্রিটিশ বিনোদনশিল্পে তারকাদের ক্ষমতার অপব্যবহার এবং যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
ব্রিটিশ সংস্কৃতিমন্ত্রী লিসা ন্যান্ডি রবিবার বলেন, সংবাদমাধ্যম ও বিনোদনশিল্পে যৌন নিপীড়নের সমস্যা এখনো বিদ্যমান। তার বক্তব্যে শিল্পটির ভেতরে ক্ষমতাধর ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি আবারও সামনে এসেছে।
পুলিশ ও সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি যতই জনপ্রিয় বা প্রভাবশালী হোন না কেন, অপরাধ সংঘটনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব।
যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের কর্মকর্তা ডেভিড রবার্টস এক বিবৃতিতে বলেন, অভিযুক্ত ব্যক্তির পরিচয় কিংবা ঘটনার প্রেক্ষাপট যা-ই হোক, ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
রাসেল ব্র্যান্ডের এই সাজা ব্রিটেনের বিনোদনজগতে তারকাদের প্রভাব ও ক্ষমতার অপব্যবহার নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত করেছে। একই সঙ্গে দীর্ঘ সময় পরও যৌন সহিংসতার অভিযোগের বিচার হওয়ার ঘটনা ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।