দীপাবলির উৎসব শেষ হতে না হতেই ভারতের বিভিন্ন শহরে বেড়েছে বায়ুদূষণ। বিশেষ করে দিল্লি ও মুম্বাইয়ের বাতাসের মান নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। উৎসব উদ্যাপনে আতশবাজির ব্যবহারকে দূষণ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। এমন পরিস্থিতিতে বাজি পোড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ও রিয়্যালিটি শো তারকা উরফি জাভেদ।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বাজি পোড়ানো নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি। উরফির বক্তব্য, কয়েকজনের দায়িত্বহীন কর্মকাণ্ডের মাশুল গুনতে হচ্ছে অসংখ্য মানুষকে। তাই যারা বাজি পুড়িয়ে পরিবেশ দূষণ করছেন, তাঁদের সবাইকে কারাগারে পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন এই তারকা।
দীপাবলির পর দিল্লির বায়ুমান পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে। শহরটির বেশ কয়েকটি এলাকায় বাতাসের গুণগত মান গুরুতর পর্যায়ে পৌঁছেছে। উৎসব উপলক্ষে সবুজ আতশবাজি পোড়ানোর জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হলেও তা মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। নির্ধারিত সময় পার হওয়ার পরও বিভিন্ন এলাকায় রাতভর বাজি ফাটানোর ঘটনা ঘটেছে।
দূষণের প্রভাব পড়েছে মুম্বাইয়েও। দীপাবলির পর দুই শহরের বাতাসেই দূষণের মাত্রা বেড়েছে বলে উদ্বেগ প্রকাশ করছেন পরিবেশসচেতন ব্যক্তিরা।
এদিকে বায়ুদূষণ নিয়ে সরব হয়েছেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরও। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দীপাবলি মূলত আলো, ভালোবাসা, পরিবার ও নতুন শুরুর উৎসব। কিন্তু প্রতিবছর উৎসবের পর দূষিত বাতাস, আতশবাজির বর্জ্য ও শব্দদূষণের পাশাপাশি পশুপাখির দুর্ভোগও সামনে আসে।
ভূমির মতে, আতশবাজি থেকে নির্গত ক্ষুদ্র ক্ষতিকর কণা বাতাসের গুণমান আরও খারাপ করে। এর সবচেয়ে বেশি প্রভাব পড়ে শিশু, প্রবীণ, শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তি এবং পশুপাখির ওপর।
উৎসবের আনন্দ যেন অন্যের জন্য স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের কারণ না হয়, সে বিষয়ে সচেতন হওয়ার প্রয়োজনীয়তাও উঠে এসেছে দুই তারকার বক্তব্যে।