ঢাকাই শোবিজে কাজের সুযোগ কমে যাওয়ার পাশাপাশি শিল্পীদের নিয়ে আলোচনার ধরন নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। তাঁর মতে, অভিনয়দক্ষতা ও ব্যক্তিত্ব দিয়ে দর্শকের মন জয় করা অনেক অভিনেত্রী আড়ালে থেকে যাচ্ছেন। অথচ কাজের বদলে ব্যক্তিগত জীবন ও নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচনায় থাকছেন কেউ কেউ। এতে ভালো কাজ করা শিল্পীদেরও নেতিবাচক পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে নিজের পছন্দের কয়েকজন অভিনেত্রীর নাম তুলে ধরেন ফারিয়া। তাঁদের অভিনয়, ব্যক্তিত্ব ও কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করেন তিনি। একই সঙ্গে আক্ষেপ প্রকাশ করেন, দর্শক ও গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রে প্রকৃত অভিনয়শিল্পীদের পরিবর্তে অপ্রয়োজনীয় বিষয়গুলো বেশি গুরুত্ব পাচ্ছে।
পোস্টে অভিনেত্রী জয়া আহসানের প্রশংসা দিয়ে নিজের বক্তব্য শুরু করেন ফারিয়া। তাঁর ভাষায়, জয়া দেখতে যেমন সুন্দর, অভিনয় ও আচরণেও তেমনি অসাধারণ। অভিনয়ের বাইরেও তাঁর ব্যক্তিগত আগ্রহ ও রুচির প্রশংসা করেন ফারিয়া। বিশেষ করে জয়ার ব্যাগ, ঘড়ি ও জামদানি সংগ্রহের কথা উল্লেখ করেন তিনি।
এরপর অভিনেত্রী সানজিদা প্রীতির অভিনয়দক্ষতার কথা তুলে ধরেন ফারিয়া। ‘৬৯’ ও ‘স্পর্শের বাইরে’ সিরিজে প্রীতির অভিনয় তাঁকে মুগ্ধ করেছে বলে জানান। নিজের অভিনয়জীবনের শুরুতে ‘কলিংবেল’ সিরিজে তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও স্মরণ করেন ফারিয়া। প্রীতির স্বল্পভাষী স্বভাব ও পেশাদার আচরণেরও প্রশংসা করেন তিনি।
নিজের সমসাময়িক অভিনেত্রী মৌসুমী হামিদকে নিয়ে ফারিয়ার মন্তব্য ছিল আরও বিশেষ। তাঁর অভিনয় দেখে নিজের মধ্যেও একই দক্ষতা অর্জনের আকাঙ্ক্ষা তৈরি হয় বলে জানান তিনি। মৌসুমীকে অত্যন্ত পরিশ্রমী এবং সহজাত অভিনয়প্রতিভার অধিকারী বলেও উল্লেখ করেন।
অভিনেত্রী নাজিয়া হক অর্ষার অভিনয়ের প্রশংসা করতে গিয়ে ফারিয়া বলেন, অভিনয় শুধু সংলাপনির্ভর নয়; একজন শিল্পীর চোখের অভিব্যক্তিও অনেক কিছু প্রকাশ করতে পারে। তাঁর মতে, সুবর্ণা মুস্তাফার পর অর্ষার অভিনয়েই এই বিশেষ দক্ষতা দেখেছেন তিনি। একবার শিডিউল জটিলতার কারণে অর্ষার করা একটি নাটকে অভিনয়ের সুযোগ হারিয়েছিলেন ফারিয়া। পরে নাটকটি দেখে তাঁর মনে হয়েছে, চরিত্রটিতে অর্ষাই যথাযথভাবে অভিনয় করেছেন।
এ ছাড়া নিজের পছন্দের অভিনেত্রীদের তালিকায় আফসান আরা বিন্দু, রুমানা রশীদ ঈশিতা, বিপাশা হায়াত, অপি করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, তারিন আহমেদ, জাকিয়া বারী মম, সুমাইয়া শিমু ও নাজিফা তুষির নামও উল্লেখ করেন তিনি। তাঁদের অভিনয়প্রতিভা, ব্যক্তিত্ব ও রুচিশীলতার প্রশংসা করেন এই অভিনেত্রী।
পোস্টের শেষাংশে শোবিজে আলোচনার বর্তমান প্রবণতা নিয়ে নিজের ক্ষোভের কথা জানান ফারিয়া। তাঁর মতে, দামি পোশাক, বিদেশ ভ্রমণ কিংবা ব্যক্তিগত জীবনের চমকপ্রদ ঘটনা নিয়ে যতটা আলোচনা হয়, ভালো অভিনয় ও শিল্পীদের গুণাবলি নিয়ে ততটা হয় না।
আক্ষেপের সুরে তিনি লেখেন, দেশে মার্জিত ব্যক্তিত্বের অধিকারী, সুন্দরভাবে কথা বলেন এবং অভিনয়ে দক্ষ—এমন অনেক অভিনেত্রী রয়েছেন। কিন্তু তাঁদের কাজের পরিবর্তে অপ্রয়োজনীয় বিষয় নিয়েই বেশি মাতামাতি করা হয়। ফলে সাধারণ মানুষের ধারণা তৈরি হচ্ছে, শোবিজে যেন কেবল বিতর্কিত ও অগুরুত্বপূর্ণ বিষয় নিয়েই যাঁরা আলোচনায় থাকেন, তাঁদেরই জয়জয়কার। অথচ পরিস্থিতি এমন হওয়ার কথা ছিল না।