১৩ বছর পর স্ত্রী আন্নার সঙ্গে বিচ্ছেদ পবন কল্যাণের

বিনোদন ডেস্ক

বিনোদন

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা ও অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের দাম্পত্য জীবনে আবারও ভাঙনের সুর। তৃতীয় স্ত্রী আন্না কোনিদালার সঙ্গে

2026-11-10T17:04:22+00:00
2026-11-10T17:04:22+00:00
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
বিনোদন
তৃতীয় সংসারও টিকল না
১৩ বছর পর স্ত্রী আন্নার সঙ্গে বিচ্ছেদ পবন কল্যাণের
বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:০৪ পিএম 
১৩ বছর পর স্ত্রী আন্নার সঙ্গে বিচ্ছেদ পবন কল্যাণের
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা ও অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের দাম্পত্য জীবনে আবারও ভাঙনের সুর। তৃতীয় স্ত্রী আন্না কোনিদালার সঙ্গে ১৩ বছরের সংসারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সোমবার (৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক যৌথ বিবৃতিতে বিচ্ছেদের খবর নিশ্চিত করেন দুজন।

বিবৃতিতে পবন ও আন্না জানান, পারস্পরিক বোঝাপড়া ও সম্মতির ভিত্তিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। দীর্ঘ সময় একসঙ্গে কাটানোর পর দাম্পত্য সম্পর্কের সমাপ্তি ঘটলেও পরস্পরের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন। পাশাপাশি সন্তানদের দায়িত্বশীল অভিভাবক হিসেবে একসঙ্গে দায়িত্ব পালন করবেন বলেও জানিয়েছেন তাঁরা।

সন্তানদের সুখ ও সুস্থতাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, তাঁদের ভবিষ্যৎ ও কল্যাণের বিষয়টি দুজনের কাছেই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। একই সঙ্গে ব্যক্তিগত এই সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে গোপনীয়তা বজায় রাখার জন্য শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানিয়েছেন তাঁরা। এত দিন যাঁরা পাশে ছিলেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই দম্পতি।

পবন কল্যাণের ব্যক্তিগত জীবনে এটি তৃতীয় বিচ্ছেদের ঘটনা। ১৯৯৭ সালে নন্দিনীকে বিয়ে করেছিলেন তিনি। তবে দুই বছরের মাথায় তাঁদের সম্পর্কে ভাঙন ধরে। ২০০৯ সালে অভিনেত্রী রেণু দেশাইয়ের সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন পবন। এই সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে তাঁদের। ২০১২ সালে সেই দাম্পত্য জীবনেরও অবসান ঘটে।

এরপর ২০১৩ সালে রাশিয়ান বংশোদ্ভূত আন্না কোনিদালাকে বিয়ে করেন এই অভিনেতা। তাঁদের সংসারেও দুই সন্তান রয়েছে। দীর্ঘ ১৩ বছর একসঙ্গে থাকার পর এবার সেই সম্পর্কেও ইতি টানার সিদ্ধান্ত নিলেন তাঁরা।

অভিনেতা চিরঞ্জীবী ও নাগেন্দ্র বাবুর ছোট ভাই পবন কল্যাণ। ১৯৯৬ সালে ‘আক্কাদা আম্মায়ি ইক্কাদা আব্বায়ি’ সিনেমার মধ্য দিয়ে তেলুগু চলচ্চিত্রে অভিষেক ঘটে তাঁর। পরবর্তী সময়ে একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দক্ষিণ ভারতের অন্যতম প্রভাবশালী তারকায় পরিণত হন তিনি।

চলতি বছরের মার্চে মুক্তি পাওয়া ‘ওস্তাদ ভগত সিং’ সিনেমায় সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে পবনকে। প্রায় ১৫০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি।

চলচ্চিত্রের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় পবন কল্যাণ। ২০০৮ সালে বড় ভাই চিরঞ্জীবীর প্রতিষ্ঠিত প্রজা রাজ্যম পার্টির যুব সংগঠন যুবরাজ্যমের সভাপতি হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু করেন তিনি। ২০১১ সালে সাময়িকভাবে রাজনীতি থেকে সরে দাঁড়ালেও ২০১৪ সালের মার্চে নিজেই প্রতিষ্ঠা করেন জনসেনা পার্টি।

২০১৯ সালের অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে দলটি প্রত্যাশিত সাফল্য পায়নি। তবে ২০২৪ সালের লোকসভা ও বিধানসভা নির্বাচনে তেলুগু দেশম পার্টি (টিডিপি) ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে জোট গড়ে নির্বাচনে বড় সাফল্য পায় জনসেনা। এর ধারাবাহিকতায় অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পান পবন কল্যাণ।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: