তারকাদের মাতৃত্বকালীন ফটোশুট মানেই জমকালো আয়োজন, বিশেষ পোশাক আর নান্দনিক আলোকচিত্র। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে একেবারে ঘরোয়া পরিবেশে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ছবির সঙ্গে তাঁর দেওয়া মজার ক্যাপশন ঘিরেই শুরু হয়েছে আলোচনা। প্রশ্ন উঠেছে, প্রচলিত মাতৃত্বকালীন ফটোশুটের ধরনকে কি কটাক্ষ করলেন অভিনেত্রী?
উৎসবের আমেজের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি পোস্ট করেন সামান্থা। সেখানে তাঁকে সোফায় হেলান দিয়ে শুয়ে পোশাক কিছুটা তুলে পেটের অংশ দেখাতে দেখা যায়। ছবিতে নেই কোনো বিশেষ সাজসজ্জা, আলোকসজ্জা কিংবা পেশাদার ফটোশুটের আয়োজন। বরং বেশ স্বাভাবিক ও অনাড়ম্বর ভঙ্গিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি।
ছবিটির সঙ্গে সামান্থা লিখেছেন, ‘ধরে নিন, এটাই আমার ম্যাটারনিটি শুট।’ তাঁর এই রসিকতাপূর্ণ মন্তব্য প্রকাশ্যে আসার পরই ছবিটি নিয়ে নেটিজেনদের মধ্যে নানা আলোচনা শুরু হয়।
সামান্থার এমন উপস্থাপনাকে অনেকে নিছক রসিকতা হিসেবে দেখলেও কারও কারও মনে প্রশ্ন, তারকাদের প্রচলিত মাতৃত্বকালীন ফটোশুটের ধরনকেই কি ইঙ্গিত করেছেন তিনি? বিশেষ করে বলিউড ও দক্ষিণী সিনেমার অভিনেত্রীদের জমকালো আয়োজনের ফটোশুটের সঙ্গে তাঁর ছবির পার্থক্য নজর কেড়েছে অনেকের।
এর আগে দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর, রাধিকা আপ্তে ও বিপাশা বসুর মতো অভিনেত্রীরা মাতৃত্বকালীন ফটোশুট করে আলোচনায় এসেছেন। তাঁদের এসব ছবিতে বিশেষ পোশাক, নান্দনিক সাজসজ্জা ও পেশাদার আলোকচিত্রের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তারকাদের এমন আয়োজন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে প্রশংসা ও সমালোচনা—দুই-ই হয়েছে।
সামান্থার নতুন পোস্টের পর সেই পুরোনো আলোচনাই আবার সামনে এসেছে। নেটিজেনদের একাংশ জানতে চাইছেন, অন্য অভিনেত্রীদের এমন আয়োজনকে ব্যঙ্গ করতেই কি নিজের ছবিকে ‘ম্যাটারনিটি শুট’ বলে উল্লেখ করেছেন তিনি? আবার কারও কৌতূহল, তাঁর মন্তব্যের আড়ালে নির্দিষ্ট কোনো অভিনেত্রীকে ইঙ্গিত করা হয়েছে কি না।
তবে সামান্থার পোস্টকে সবাই নেতিবাচকভাবে দেখছেন না। অনেকেই তাঁর স্বতঃস্ফূর্ততা ও সহজ উপস্থাপনার প্রশংসা করেছেন। তাঁদের মতে, মাতৃত্বকালীন ফটোশুট নিয়ে প্রচলিত আড়ম্বরের বাইরে গিয়ে নিজের মতো করে রসিকতা করেছেন অভিনেত্রী।
এদিকে সামান্থা ঠিক কাদের উদ্দেশে এমন মন্তব্য করেছেন, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি। ফলে তাঁর ছোট্ট ক্যাপশন ঘিরে কৌতূহল ও আলোচনা এখনো অব্যাহত রয়েছে।