দীর্ঘ নয় বছরের পথচলার অবসান ঘটেছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শুটিং শেষ হওয়ার মধ্য দিয়ে। দীর্ঘ এই সময়ে নাটকটির সঙ্গে জড়িয়ে তৈরি হয়েছে অসংখ্য স্মৃতি, হাসি-কান্না আর আবেগ। পর্দার জনপ্রিয় চরিত্র কাবিলার অভিনেতা জিয়াউল হক পলাশও এই বিদায়বেলায় ফিরে গেছেন শুরুর দিনগুলোতে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তুলে ধরেছেন নিজের জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের গল্প।
কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সঙ্গে নিজের বেড়ে ওঠার স্মৃতি জড়িয়ে আছে বলে জানিয়েছেন পলাশ। তাঁর কাছে এটি কেবল একটি ধারাবাহিকের কাজ নয়, বরং জীবনের দীর্ঘ একটি সময়ের সাক্ষী।
স্মৃতিচারণ করতে গিয়ে পলাশ লেখেন, ‘এখান থেকেই সবকিছুর শুরু। এই রাস্তা, এই গাছতলা, চেনা বিকেলগুলো সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে কত কথা, কত হাসি আর কত না-বলা গল্প। সময় কত দ্রুত বদলে যায়!’
তিনি জানান, যখন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর যাত্রা শুরু হয়েছিল, তখন সেটি ছিল নতুন একটি গল্পের সূচনা মাত্র। সময়ের সঙ্গে বদলেছে চারপাশ, বদলেছে মানুষ, কেটে গেছে একের পর এক বছর। দর্শকের চোখের সামনে বড় হয়েছে ধারাবাহিকটি। সেই গল্পের সঙ্গে নিজের বেড়ে ওঠার বিষয়টিও উপলব্ধি করেছেন তিনি।
পলাশের ভাষায়, ‘চোখের সামনে ধীরে ধীরে বড় হয়েছে ব্যাচেলর পয়েন্ট। আর কখন যে এই গল্পের সঙ্গে সঙ্গে আমিও বড় হয়ে গেছি, তা বুঝতেই পারিনি।’
পঞ্চম সিজনের শুটিং শেষ হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে অভিনেতা বলেন, একটি গল্পের ভেতর মানুষ কতটা জীবন রেখে যেতে পারে, তা এই দীর্ঘ পথচলা তাঁকে বুঝিয়েছে। অসংখ্য সকাল-রাত, আনন্দ, অভিমান এবং প্রিয় মানুষদের সঙ্গে কাটানো মুহূর্ত মিলিয়ে কখন একটি নাটক জীবনের অংশ হয়ে যায়, তা বোঝা কঠিন।
এত বছরের স্মৃতি কীভাবে ধরে রাখবেন, সেই ভাবনাও উঠে এসেছে তাঁর লেখায়। পলাশ লেখেন, এত স্মৃতি কোথায় জমা রাখবেন, এত বছরের গল্প কীভাবে কয়েকটি বাক্যে প্রকাশ করবেন, তা তাঁর জানা নেই। তাঁর কাছে এই পথচলার গুরুত্ব ভাষায় বোঝানো কঠিন।
বিদায়বেলায় তিনি আরও লেখেন, সবকিছুরই একসময় শেষ হয়। ‘ব্যাচেলর পয়েন্ট’-এরও হয়তো সেই পর্ব শেষ হয়েছে। মানুষ ফিরে যায়, শুটিং থেমে যায়, নিভে যায় আলো। কিন্তু থেকে যায় পরিচিত গাছতলা, চেনা রাস্তা আর সহকর্মীদের হাসির স্মৃতি।
পোস্টের শেষাংশে পলাশের আবেগ যেন আরও গভীর হয়ে ওঠে। তাঁর কথায়, গল্পের সমাপ্তি ঘটলেও সেই পুরোনো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্বপ্ন দেখা ছেলেটি আজও রয়ে গেছে। অর্থাৎ ধারাবাহিকটির পর্দার যাত্রা শেষ হলেও তাঁর জীবনে এর স্মৃতি ও প্রভাব থেকে যাবে আজীবন।