অ্যাকশন, প্রতিশোধ আর রকস্টারের চরিত্রে পর্দা মাতানোর পর এবার রোমান্টিক গল্প নিয়ে হাজির হচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তাঁর নতুন সিনেমা ‘মহব্বত’-এ দেখা যাবে এক পাকিস্তানি অভিনেত্রীকে। বাংলাদেশ ও পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাওয়া সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ।
সিনেমাটিতে পাকিস্তানি অভিনেত্রীর যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব নিজেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে আমাদের একটি যৌথ কাজ হতে যাচ্ছে। সেখানে একজন পাকিস্তানি অভিনেত্রীও কাজ করছেন। তাদের সিনেমা ইন্ডাস্ট্রি সম্পর্কে খোঁজ নিতে গিয়ে জানতে পারলাম, দেশটিতে আমাদের ধারণার চেয়েও অনেক বেশি সিনেমা হল রয়েছে।’
পাকিস্তানের চলচ্চিত্রবাজারের সম্ভাবনা নিয়েও কথা বলেছেন এই অভিনেতা। তাঁর ভাষ্য, দেশটিতে আধুনিক মাল্টিপ্লেক্সসহ প্রায় ১ হাজার ২০০টি চালু সিনেমা হল রয়েছে। কোনো সিনেমা ব্লকবাস্টার হলে সেখান থেকে ২০০ থেকে ৩০০ কোটি টাকার ব্যবসা হতে পারে। শাকিবের প্রত্যাশা, বাংলাদেশের চলচ্চিত্রও একসময় এমন বাণিজ্যিক সাফল্য অর্জন করবে।
সাম্প্রতিক সময়ে শাকিবকে বেশির ভাগ সময় অ্যাকশননির্ভর চরিত্রে দেখা গেছে। ‘তুফান’, ‘তাণ্ডব’, ‘বরবাদ’ ও ‘প্রিন্স’-এর মতো সিনেমায় তাঁর মারকুটে উপস্থিতি দর্শকের নজর কেড়েছে। অন্যদিকে, কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘রকস্টার’ সিনেমায় গায়কের চরিত্রেও অভিনয় করেছেন তিনি।
রোমান্টিক গল্প নির্মাণে পরিচালক হিমেল আশরাফের অভিজ্ঞতাও রয়েছে। তাঁর পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বড় সাফল্য পেয়েছিলেন শাকিব। পরে ‘রাজকুমার’ সিনেমাতেও এই জুটির কাজ দর্শকের আগ্রহ তৈরি করে। এবার ‘মহব্বত’ নিয়ে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে তাঁদের ভক্তদের মধ্যে।