ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন সম্ভাবনা, আলোচনায় ইউরোপকে চায় পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পরবর্তী দফার শান্তি আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের যুক্ত করার বিষয়ে সম্মতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার

2026-11-13T16:04:11+00:00
2026-11-13T16:04:11+00:00
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন সম্ভাবনা, আলোচনায় ইউরোপকে চায় পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৪:০৪ পিএম 
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন সম্ভাবনা, আলোচনায় ইউরোপকে চায় পুতিন
ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পরবর্তী দফার শান্তি আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের যুক্ত করার বিষয়ে সম্মতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার ক্রেমলিনে বৈঠক শেষে এমন তথ্য জানিয়েছেন মার্কিন দূত স্টিভ উইটকফ। তবে আলোচনায় ইউরোপের অংশগ্রহণের সম্ভাবনা তৈরি হলেও যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে মস্কো ও ইউরোপের মতবিরোধ শান্তি প্রক্রিয়াকে কঠিন করে তুলতে পারে।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে উইটকফ বলেন, পরবর্তী বৈঠকে ইউরোপীয় প্রতিনিধিরা অংশ নেবেন। তাঁরা যুক্তরাষ্ট্রের অংশীদার এবং আলোচনায় তাঁদের উপস্থিতি গুরুত্বপূর্ণ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শান্তি আলোচনায় ইউরোপকে যুক্ত করার উদ্যোগকে সম্ভাব্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে যুদ্ধ কীভাবে শেষ হবে, ইউক্রেনের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে এবং যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলোর ভূমিকা কী হবে—এসব বিষয়ে পক্ষগুলোর মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়েছে।

বৈঠকে মার্কিন প্রেসিডেন্টের আরেক দূত জ্যারেড কুশনার পুতিনকে জানান, ইউরোপীয় পক্ষের অবস্থানে ওয়াশিংটন বড় পরিবর্তন লক্ষ করেছে। তাঁর মতে, আলোচনায় ইউরোপীয়দের অন্তর্ভুক্ত করা হলে শান্তি প্রক্রিয়ার অগ্রগতি বাধাগ্রস্ত হওয়ার কথা নয়।

জবাবে পুতিন বলেন, রাশিয়া কখনোই ইউরোপের সঙ্গে সংলাপ বন্ধ করেনি; বরং ইউরোপীয় ইউনিয়নই (ইইউ) সেই যোগাযোগ ছিন্ন করেছে। তবে ইউরোপীয় দেশগুলো ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, নাকি যুদ্ধ চালিয়ে যেতে আগ্রহী—তা বুঝতে যুক্তরাষ্ট্রকে তাদের সঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

পুতিন আরও সতর্ক করে বলেন, শান্তি চুক্তির পর ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েনের পরিকল্পনা বাস্তবায়িত হলে নতুন করে যুদ্ধ শুরু হতে পারে। রাশিয়া এমন পদক্ষেপকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করবে।

তবে পরবর্তী বৈঠকে ইউরোপীয় প্রতিনিধিদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেননি ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ। তাঁর মতে, ইউরোপের বর্তমান অবস্থান মূলত ‘অন্তহীন যুদ্ধের ফর্মুলা’।

ক্রেমলিনে বৈঠকের পর উইটকফ ও কুশনার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করেন। পরবর্তী শান্তি আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের যুক্ত করার সম্ভাবনাকে স্বাগত জানান জেলেনস্কি। তিনি আশা প্রকাশ করেন, আগামী আলোচনায় যুদ্ধবিরতি ও সংঘাত কমানোর পদক্ষেপ গুরুত্ব পাবে।

তবে আলোচনার পাশাপাশি নতুন করে উত্তেজনাও তৈরি হয়েছে। জেলেনস্কির অভিযোগ, নতুন বিধিনিষেধের কারণে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের ব্যবহৃত মার্কিন স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা ব্যাহত হচ্ছে। রাশিয়ার সঙ্গে ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনার ধরনকেও তিনি ‘কিছুটা অদ্ভুত’ বলে মন্তব্য করেন।

বৃহস্পতিবার জেলেনস্কি জানান, স্পেসএক্সের সামরিক যোগাযোগ সেবা ‘স্টারশিল্ড’-এ বিধিনিষেধের কারণে সম্মুখসারি ও রুশ-নিয়ন্ত্রিত এলাকায় ইউক্রেনীয় বাহিনীর যোগাযোগে সমস্যা হচ্ছে। ইউক্রেনের ভূখণ্ডকে ইউক্রেনের অংশ হিসেবে বিবেচনা না করার মতো মার্কিন সিদ্ধান্তে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তা স্পষ্ট হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে স্পেসএক্সের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চলতি সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে দুই দিনের ত্রিপক্ষীয় বৈঠকে বসেছিল রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। গত নয় মাসের মধ্যে এটিই ছিল ওয়াশিংটনের মধ্যস্থতায় মস্কো ও কিয়েভের প্রথম সরাসরি আলোচনা। বৈঠকে কিছু অগ্রগতি হলেও ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ডের নিয়ন্ত্রণ এবং পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চল নিয়ে বড় ধরনের মতবিরোধ রয়ে গেছে।

এদিকে মস্কোয় মার্কিন দূতদের সঙ্গে বৈঠকে পূর্ব ইউক্রেনের কস্তিয়ানতিনিভকা শহরে যৌথ রুশ-ইউক্রেনীয় মানবিক মিশন পরিচালনার প্রস্তাব দেন পুতিন। শহরটি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন তিনি। তবে কিয়েভ এ দাবি প্রত্যাখ্যান করে আসছে। পুতিনের ভাষ্য, সেখানে আটকে পড়া ৪০০ থেকে ৫০০ বাসিন্দার জন্য এলাকাটি মাইনমুক্ত করতে রাশিয়ার পাঁচ দিন সময় প্রয়োজন হবে।

মার্কিন দূতেরা প্রস্তাবটিকে স্বাগত জানালেও ইউক্রেনের আশঙ্কা, যুদ্ধবিরতির সুযোগ নিয়ে রাশিয়া নিজেদের সামরিক শক্তি পুনর্গঠন করতে পারে।

এদিকে ইউক্রেনের অবকাঠামোতে রাশিয়ার হামলা এবং পাল্টা জবাবে রুশ তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলায় সংঘাত আরও জটিল হয়ে উঠেছে। এসব হামলার প্রভাবে রাশিয়ার কয়েকটি অঞ্চলে জ্বালানি সংকট দেখা দিয়েছে।

তবে ভূখণ্ড নিয়ে নিজের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেননি পুতিন। ইউক্রেনের ভেতরে নিরাপত্তা বলয় বা বাফার জোন প্রতিষ্ঠার দাবি এবং ২০২২ সালে রাশিয়ার সঙ্গে যুক্ত করা চারটি ইউক্রেনীয় অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে তিনি এখনো অনড়।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: