বিবাহবহির্ভূত সম্পর্কে সন্তান জন্ম দেওয়ার অভিযোগে সৌদি আরবে এক কেনীয় নারীকে ১০০ বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে। এ ঘটনায় দেশটির বিচারব্যবস্থা ও নারীর অধিকার নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এই শাস্তিকে নিষ্ঠুর ও নারীর প্রতি সহিংসতা হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে।
বুধবার (১১ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
দণ্ডপ্রাপ্ত নারীর নাম এসথার ওয়াঞ্জা মুথোনি। সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতেন তিনি। গৃহপরিচারিকা ও শিশুর দেখাশোনার দায়িত্ব নিয়ে দেশটিতে যান মুথোনি। সেখানে এক মিসরীয় পুরুষের সঙ্গে স্বল্প সময়ের সম্পর্কের পর অন্তঃসত্ত্বা হন। তবে সন্তানের জন্মের আগেই ওই ব্যক্তি সৌদি আরব ছেড়ে চলে যান বলে জানিয়েছেন তিনি।
গত মাসে মুথোনির বিরুদ্ধে ১০০ বেত্রাঘাতের সাজা ঘোষণা করা হয়। নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের উদ্বেগের কথা জানিয়ে তিনি বলেন, এই শাস্তি সহ্য করতে পারবেন কি না, তা নিয়ে ভীষণ আতঙ্কে রয়েছেন। তাঁর ভাষায়, ‘আমি এই শাস্তির যোগ্য নই।’
সৌদি আরবের শরিয়াহভিত্তিক বিচারব্যবস্থায় বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক অপরাধ হিসেবে বিবেচিত হয়। তবে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এ ধরনের ঘটনায় পুরুষদের তুলনায় নারীরাই বেশি শাস্তির মুখে পড়েন।
উপসাগরীয় অঞ্চলে অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা ডু বোল্ডের প্রতিষ্ঠাতা একাতেরিনা পোরাস সিভোলোবোভার মতে, সৌদি আরবে অনেক অবিবাহিত নারী সন্তান জন্ম দিলেও অধিকাংশ ঘটনা প্রকাশ্যে আসে না। কারণ, তাঁরা সাধারণত বাড়িতে সন্তান প্রসব করেন। কিন্তু হাসপাতালে সন্তান জন্ম দিলে অবিবাহিত নারীদের বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করার নিয়ম রয়েছে। মুথোনির ঘটনাটিও এভাবেই সামনে এসেছে বলে জানান তিনি।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন আলকিস্তের ভারপ্রাপ্ত পরিচালক মরিয়ম আলদোসারি এই শাস্তিকে সহিংসতা হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর মতে, ওই নারীকে বেত্রাঘাতের সাজা না দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো উচিত ছিল।
তিনি বলেন, সৌদি আরবকে আধুনিক ও নারীর ক্ষমতায়নে অগ্রসর দেশ হিসেবে তুলে ধরার প্রচেষ্টার সঙ্গে এ ধরনের শাস্তি সাংঘর্ষিক।
সৌদি আরব ২০২০ সালের এপ্রিলে বিচারিক শাস্তি হিসেবে বেত্রাঘাত বন্ধের সংস্কার ঘোষণা করেছিল। তবে আলকিস্তের ২০২১ সালের এক প্রতিবেদনে বলা হয়, ওই সংস্কার মূলত ‘তাজির’ অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য। বিচারকের বিবেচনাধীন এসব অপরাধে বেত্রাঘাতের সাজা বাতিল করা হলেও ইসলামী আইনে নির্ধারিত কিছু অপরাধে তা বহাল থাকতে পারে। ব্যভিচার ও মদ্যপানের মতো অপরাধ এর আওতাভুক্ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে সৌদি আরবে নারীর প্রতি সহিংসতা নিয়ে কাজ করা জাতিসংঘের বিশেষ প্রতিবেদক রিম আলসালেমের দেশটি সফরের কথা থাকলেও গত সপ্তাহে তা স্থগিত হয়েছে। তিনি জানিয়েছেন, সফরের সময় নির্দিষ্ট কিছু ঘটনা নিয়ে আলোচনার পরিকল্পনা ছিল। দ্রুত সফরের ব্যবস্থা না হলে বিকল্প প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় বিষয়গুলো উত্থাপন করবেন তিনি।
এ বিষয়ে সৌদি সরকারের কাছে বক্তব্য চাওয়া হলেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: দ্য গার্ডিয়ান