ইয়েমেনকে ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে সৌদি আরবে সামরিক উপস্থিতি বাড়িয়েছে মিসর। দেশটিতে সেনা, রাফাল যুদ্ধবিমান, হেলিকপ্টার ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েনের পাশাপাশি লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছেও যুদ্ধজাহাজ পাঠিয়েছে কায়রো। তবে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সরাসরি স্থলযুদ্ধে মিসর অংশ নেবে কি না, তা নিয়ে দেশটির সামরিক নেতৃত্বের মধ্যে মতভেদ তৈরি হয়েছে।
মিসরের সামরিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।
প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবে মিসরের মোতায়েন করা সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে এক স্কোয়াড্রন রাফাল যুদ্ধবিমান, আটটি হেলিকপ্টার ও চারটি ভারী পরিবহণ বিমান। এ ছাড়া সৌদি আরবের পূর্ব ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে স্কাইগার্ড-আমুনসহ কয়েকটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নতুন করে মোতায়েন করা হয়েছে।
একই সময়ে মিসরের যুদ্ধজাহাজগুলো লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি অবস্থান নিয়েছে। এই প্রণালি দিয়ে লোহিত সাগর থেকে এডেন উপসাগরে প্রবেশ করতে হয়। আন্তর্জাতিক নৌবাণিজ্য, জ্বালানি পরিবহন এবং সুয়েজ খালের নিরাপত্তার জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ জলপথ।
মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি সোমবার ফ্রান্স ২৪-কে দেওয়া সাক্ষাৎকারে সৌদি আরবে দেশটির সামরিক উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ইরানের সঙ্গে উত্তেজনার সময় সৌদি আরবে হামলার পর কয়েক মাস আগেই সেখানে মিসরের সামরিক উপস্থিতি শুরু হয়। বর্তমানে সেই উপস্থিতি আরও জোরদার করা হচ্ছে।
এর আগে গত ১৭ অক্টোবর সৌদি আরবের প্রতিরক্ষায় প্রয়োজনে সেনা পাঠানোর অনুমোদন দিতে পার্লামেন্টের প্রতি আহ্বান জানান মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। ২৬ অক্টোবর পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থনে এ প্রস্তাব অনুমোদিত হয়।
তবে ইয়েমেনে সরাসরি স্থল অভিযানে অংশ নেওয়া নিয়ে মিসরের সামরিক নেতৃত্বের মধ্যে মতপার্থক্য রয়েছে। এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার দাবি, সিসি সৌদি অভিযানে সরাসরি অংশ নেওয়ার পক্ষে। তাঁর যুক্তি, লোহিত সাগর, সুয়েজ খাল ও মিসরের পানিনিরাপত্তা রক্ষায় হুথিদের সামরিক সক্ষমতা দুর্বল করা প্রয়োজন।
ওই কর্মকর্তার দাবি, সৌদির আর্থিক সহায়তাও কায়রোর সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। সম্প্রতি মিসরের কেন্দ্রীয় ব্যাংকে সৌদি আরবের ৫৩০ কোটি ডলারের আমানতের মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানোর খবর প্রকাশিত হয়েছে। তবে এই আর্থিক লেনদেনের সঙ্গে ইয়েমেনে সামরিক অভিযানে অংশ নেওয়ার সিদ্ধান্তের সরাসরি সম্পর্কের কোনো প্রমাণ নেই।
অন্যদিকে, আরেক সামরিক কর্মকর্তার ভাষ্য, মিসরের সশস্ত্র বাহিনী ও জাতীয় প্রতিরক্ষা পরিষদের সদস্যরা ইয়েমেনে স্থল অভিযান থেকে দূরে থাকার বিষয়ে একমত হয়েছেন।
ইয়েমেন নিয়ে মিসরের অতীত অভিজ্ঞতাও এ সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ১৯৬২ সালে দেশটির গৃহযুদ্ধে তৎকালীন প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের হাজার হাজার সেনা পাঠিয়েছিলেন। প্রায় সাত বছর ধরে চলা সেই সংঘাতে প্রাণ হারান বহু মিসরীয় সেনা। দীর্ঘ ও ব্যয়বহুল সেই যুদ্ধের অভিজ্ঞতা কায়রোর জন্য এখনো বড় সতর্কবার্তা।
এ পরিস্থিতিতে ইয়েমেনে স্থলযুদ্ধে না জড়িয়ে বিমান ও নৌ অভিযানের মাধ্যমে হুথিদের সামরিক অবকাঠামো দুর্বল করার কৌশল নিতে পারে মিসর। তবে সৌদি আরবের নিরাপত্তা, আঞ্চলিক উত্তেজনা এবং সামরিক নেতৃত্বের অভ্যন্তরীণ মতপার্থক্য—সবকিছু বিবেচনায় শেষ পর্যন্ত কায়রো কী সিদ্ধান্ত নেয়, সেটিই এখন দেখার বিষয়।
সূত্র: মিডল ইস্ট আই