নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইরান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মহাকাশ বাহিনীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা বেলাইলি। তিনি বলেছেন, দেশের মানুষ নিশ্চিন্ত থাকতে পারে—ইরানের আঙুল ট্রিগারেই রয়েছে, তারা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।
মেহের নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বেলাইলি। এ সময় ইরানের বর্তমান ক্ষেপণাস্ত্র সক্ষমতার সঙ্গে ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরাকের বিরুদ্ধে চলা যুদ্ধের সময়কার সামরিক শক্তির তুলনা করেন তিনি।
বেলাইলি বলেন, আট বছরের ইরান-ইরাক যুদ্ধে দেশটি মোট ৮৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। অথচ ‘ট্রু প্রমিস’ অভিযানের সময় এক দিনেই ১০০টির বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলাগুলো ‘ট্রু প্রমিস’ নামে পরিচিত।
ইরাক যুদ্ধের সময় অস্ত্র ও সরঞ্জামের সীমাবদ্ধতার কথা তুলে ধরে আইআরজিসির এই কর্মকর্তা বলেন, তখন প্রতিটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্রের জন্য মাত্র একটি রাউন্ড বরাদ্দ থাকত। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। বর্তমানে প্রয়োজনীয় সরঞ্জাম ও সামরিক সক্ষমতা প্রস্তুত রয়েছে।
সম্প্রতি ইরানি কর্মকর্তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর বিষয়ে দেওয়া বক্তব্যের ব্যাখ্যায় বেলাইলি বলেন, সুনির্দিষ্ট ভিত্তি থেকেই এ ধরনের মন্তব্য করা হয়েছে। সময় হলে পুরো বিশ্ব এর প্রমাণ দেখতে পাবে।
এর কয়েক দিন আগেই আইআরজিসি ভূগর্ভস্থ নতুন একটি ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করে। এর পরপরই নিজেদের সামরিক সক্ষমতা ও প্রস্তুতি নিয়ে এমন বার্তা দিলেন আইআরজিসির এই উপদেষ্টা।