যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারিচেভ মারা গেছেন। বুধবার (১১ নভেম্বর) তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তবে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
রাশিয়ার জ্যেষ্ঠ এই কূটনীতিক পশ্চিমা দেশগুলোর কড়া সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। ২০২৫ সালের মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন। দুই দেশের মধ্যে সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবেই তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছিল।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর মস্কো ও ওয়াশিংটনের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা এবং রাশিয়ার ওপর ওয়াশিংটনের নজিরবিহীন নিষেধাজ্ঞা দুই দেশের বিরোধ আরও বাড়িয়ে তোলে।
তবে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর মস্কো ও ওয়াশিংটনের সম্পর্ক স্বাভাবিক করার নতুন সম্ভাবনা তৈরি হয়। এমন এক সময়ে যুক্তরাষ্ট্রে রুশ রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছিলেন দারিচেভ।
যুক্তরাষ্ট্রে নিয়োগ পাওয়ার আগে ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের দায়িত্বও সামলেছেন এই কূটনীতিক।