হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশিক মিয়া (২৫) নামে এক সিরামিক কারখানার শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার জগদীশপুর এলাকায় বিএইচএল সিরামিক কোম্পানির কারখানায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক মিয়া উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বড় চান্দুরা গ্রামের সমশের আলীর ছেলে।
কারখানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে কারখানার ভেতরে একটি মেশিনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আশিক। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) সুকোমল ভট্টাচার্য ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।