গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে দুর্বৃত্তদের হামলায় নিহত তৌফিক হোসেনের পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়।
বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে তৌফিকের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের হাতে সহায়তার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। এ সময় তিনি নিহতের স্ত্রী সেতু মনির সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন।
পরে ভিডিও কলের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সব সময় পাশে থাকার অঙ্গীকার করেন। পাশাপাশি সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
মন্ত্রী বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক এবং কোচাশহর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম প্রমুখ।