দিনাজপুরের হাকিমপুরে মাছ চুরির অভিযোগে ১৩ বছরের এক শিশুকে গাছের সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় বিপ্লব হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) রাতে উপজেলার বোয়ালদাড় গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিপ্লব ওই গ্রামের সায়েদ আলীর ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর রাতে বোয়ালদাড় গ্রামের একটি পুকুরে মাছ চুরির অভিযোগে নাঈম হোসেন (১৩) নামের শিশুটিকে হাত-পা রশি দিয়ে বেঁধে গাছের সঙ্গে আটকে নির্যাতন করা হয়। এ ঘটনায় পুকুরের মালিক সাখাওয়াত হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
ঘটনার পর বুধবার শিশুটির বাবা ফয়জার হোসেন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে হাকিমপুর থানায় মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে বিপ্লব হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় শিশু নির্যাতনের মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার ব্যক্তিকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।