নেত্রকোণার মদনে সড়ক দুর্ঘটনায় আনোয়ারা বেগম (৭০) নামে এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মদন-নেত্রকোণা সড়কের পৌরসভার সিলেট বাসস্ট্যান্ডসংলগ্ন ভূঁইয়া বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ারা বেগম উপজেলার জাওলা গ্রামের মৃত বুলবুল মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ারা বেগম অটোরিকশায় করে মদন সদরে যাচ্ছিলেন। পথে ভূঁইয়া বাড়ির সামনে হঠাৎ একটি গরুর বাছুর সড়কের মাঝখানে চলে আসে। বাছুরটিকে বাঁচাতে গিয়ে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে আনোয়ারা বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।