রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে রিকশায় করে এসে দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এতে কেউ আহত হয়নি।
রাত ১২টার দিকে ঘটনার বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান। তিনি জানান, রাত ১১টার পর একটি রিকশায় করে কয়েকজন দুর্বৃত্ত জাদুঘরের সামনে আসে। সেখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ছেড়ে যায় তারা।
এর আগে গত ১৪ অক্টোবর একই এলাকায় জাদুঘরের ১ নম্বর গেটের সামনে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল সেটি নিষ্ক্রিয় করার উদ্যোগ নেয়।
ওই ঘটনায় মো. শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক আহত হন। বিস্ফোরণের স্প্লিন্টারে তাঁর শরীরে আঘাত লাগে। প্রথমে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।
সর্বশেষ বিস্ফোরণের ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।