ট্রাম্পের পরাজয়ের পেছনে ইরান যুদ্ধ, ইসরায়েলের সঙ্গে সম্পর্কও দায়ী: ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ইরানের সঙ্গে যুদ্ধ এবং ইসরায়েলের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক নিয়ে ভোটারদের অসন্তোষ বড় ভূমিকা

2026-11-05T10:39:24+00:00
2026-11-05T10:39:24+00:00
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ট্রাম্পের পরাজয়ের পেছনে ইরান যুদ্ধ, ইসরায়েলের সঙ্গে সম্পর্কও দায়ী: ভ্যান্স
আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০:৩৯ এএম 
ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ইরানের সঙ্গে যুদ্ধ এবং ইসরায়েলের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক নিয়ে ভোটারদের অসন্তোষ বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তাঁর মতে, ট্রাম্প প্রশাসনের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়া ভোটারদের বড় একটি অংশ এসব বিষয়ে নীতিগত পরিবর্তন চেয়েছেন।

৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনের ফল প্রকাশিত হয় পরদিন। এতে ডেমোক্রেটিক পার্টি প্রতিনিধি পরিষদ ও সিনেট—কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এই ফল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জন্য বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কারণ, কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ হারানোর ফলে সরকারের আইন প্রণয়ন ও নীতি বাস্তবায়নের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

নির্বাচনের ফল প্রকাশের পর বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভ্যান্স বলেন, ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প-ভ্যান্স জুটিকে ভোট দেওয়া অনেক সমর্থক এবার ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দিয়েছেন।

ভ্যান্সের ভাষ্য অনুযায়ী, দল ছেড়ে যাওয়া ভোটারদের কাছে কী করলে তাঁরা আবার রিপাবলিকানদের সমর্থনে ফিরবেন, তা জানতে জরিপ চালানো হয়েছিল। সেই জরিপের উত্তরগুলোতে চারটি বিষয় গুরুত্ব পেয়েছে—ইরান যুদ্ধ বন্ধ করা, জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনুসরণ এবং ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ধরন পরিবর্তন।

ভাইস প্রেসিডেন্ট আরও জানান, এক রক্ষণশীল মার্কিন গণমাধ্যম ব্যক্তিত্ব ইরান সংঘাতের সামরিক সমাধানের পরিবর্তে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। নির্বাচনের ফলাফলের পর সেই পরামর্শের যথার্থতা স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ভ্যান্সের দাবি, ইরান যুদ্ধই রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ। তাঁর পোস্টে এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যেরও উল্লেখ ছিল।

মঙ্গলবার রাতে ট্রাম্প স্বীকার করেন, যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় নির্বাচনে রিপাবলিকানদের ক্ষতি হয়েছে। তবে তিনি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থান বজায় রাখেন। ভ্যান্সের মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, নির্বাচনের ফল নিয়ে ভাইস প্রেসিডেন্টের মূল্যায়নে তাঁর আপত্তি নেই।

ইরান ইস্যুতে ভ্যান্সের অবস্থান ট্রাম্পের তুলনায় কিছুটা ভিন্ন। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযান শুরুর আগে তিনি এর বিরোধিতা করেছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়। পরবর্তী সময়েও সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নেন তিনি।

অন্যদিকে, ট্রাম্প ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি প্রকাশ্য সমর্থন দিয়ে আসছেন। তবে ভ্যান্স এ বিষয়ে তুলনামূলক সতর্ক অবস্থান নিয়েছেন। গত মাসে ইসরায়েলের জাতীয় নির্বাচনের আগে ট্রাম্প নেতানিয়াহুর প্রতি সমর্থন জানালেও ভ্যান্স একই ধরনের অবস্থান নেননি।

ইরানের সঙ্গে সংঘাত বন্ধে ট্রাম্পের উদ্যোগের বিরোধিতা করায় গত জুনে নেতানিয়াহুর মন্ত্রিসভার কয়েকজন সদস্যের সমালোচনা করেন ভ্যান্স। জুলাইয়ে তিনি অভিযোগ করেন, ইসরায়েল সরকারের কিছু অংশ আলোচনার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে মার্কিন জনমতকে প্রভাবিত করার চেষ্টা করেছে।

গত মাসে দেওয়া আরেক বক্তব্যে ভ্যান্স বলেন, মধ্যপ্রাচ্য বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি ইসরায়েলের নীতির অধীন হতে পারে না। ওয়াশিংটনকে এ অঞ্চলে নিজেদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: