সাভারে ওসির গাড়িতে আগুন, আহত ওসিসহ ৪০ জন

সাভার (ঢাকা) সংবাদদাতা

সারাদেশ

সাভারের হেমায়েতপুর ও উলাইল এলাকায় তৈরি পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ, শ্রমিক ও সাংবাদিকসহ অন্তত ৪০

2026-11-04T13:21:37+00:00
2026-11-04T13:22:59+00:00
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
 
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
সাভারে ওসির গাড়িতে আগুন, আহত ওসিসহ ৪০ জন
সাভার (ঢাকা) সংবাদদাতা
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১:২১ পিএম  আপডেট: ০৪.১১.২০২৬ ১:২২ পিএম
ছবিঃ ভোরের ডাক

সাভারের হেমায়েতপুর ও উলাইল এলাকায় তৈরি পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ, শ্রমিক ও সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। এ সময় সাভার মডেল থানার ওসি সাইফুল আলমের ব্যবহৃত পুলিশের গাড়িতে আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

বুধবার (৪ নভেম্বর) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সাভার মডেল থানার ওসি সাইফুল আলমসহ সাত পুলিশ সদস্য এবং কয়েকজন সাংবাদিক রয়েছেন। আহত সাংবাদিকদের মধ্যে আছেন ৭১ টেলিভিশনের রায়ইন ও উজ্জ্বল এবং স্টার নিউজের সিরাজি। নিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক নাজমুল হুদাও আহত হয়েছেন বলে জানা গেছে।

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে টানা পঞ্চম দিনের মতো ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন হেমায়েতপুরের তৈরি পোশাকশ্রমিকরা। সকালে বিভিন্ন কারখানার শ্রমিকরা দলে দলে মহাসড়কে এসে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে আন্দোলনকারী কোনো শ্রমিককে কালো তালিকাভুক্ত না করা এবং আগে আটক শ্রমিকদের অবিলম্বে মুক্তি দেওয়া।

এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

বুধবার সংঘাত এড়াতে সকাল থেকেই হেমায়েতপুর ও পদ্মার মোড় এলাকার ১১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহনচালকরা।

সকাল ১০টার দিকে হেমায়েতপুরে স্ট্যান্ডার্ড গ্রুপের সামনে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশকে সহায়তা করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

অন্যদিকে, সাভারের উলাইল এলাকায় আল-মুসলিম গ্রুপের সামনে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশও পাল্টা টিয়ারশেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এতে প্রায় আড়াই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন যুগান্তরকে বলেন, ওসি সাইফুল আলমসহ বেশ কয়েকজন শ্রমিকদের ছোড়া ইটপাটকেলে আহত হয়েছেন। ওসিকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে, পদ্মার মোড়ে ওসি সাইফুল আলমের ব্যবহৃত পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি শান্ত হলে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।

আহত সাংবাদিকদের বিষয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, ঘটনার ভিডিও ধারণের সময় শ্রমিকরা তাঁদের ওপর হামলা করেন।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: