নওগাঁ জেলা কারাগারে থাকা বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নবাব (৫৮) মারা গেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জাকির হোসেন নবাব বগুড়ার সোনাতলা উপজেলার জোরগাছা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকও ছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতা বিস্ফোরক মামলায় কারাগারে ছিলেন।
নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত এক চিকিৎসক তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে জাকির হোসেন নবাবের মৃত্যু হয়। সংকটাপন্ন অবস্থায় তাঁকে কারাগার থেকে হাসপাতালে আনা হয়েছিল। তবে মৃত্যুর কারণ পরে জানানো হবে।
নওগাঁ জেলা কারাগারের জেল সুপার রত্না রায় বলেন, বিস্ফোরক মামলার আসামি হিসেবে জাকির হোসেন নবাবকে বগুড়া থেকে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছিল। মঙ্গলবার তিনি কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
জেল সুপার আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে জাকির হোসেন নবাবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।