রাজধানীর মিরপুরে আন্দোলনরত পোশাকশ্রমিকদের হামলায় মো. সাইমন নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে কালশী রোডে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য বর্তমানে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন।
হামলার একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি লাঠি দিয়ে ওই পুলিশ সদস্যকে এলোপাতাড়ি আঘাত করছেন। এ সময় কয়েকজনকে হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টাও করতে দেখা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন।
তিনি জানান, মিরপুর-১১ এলাকা থেকে শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করার পর তারা কালশীর দিকে সরে যান। ওই সময় পল্লবী থানা থেকে পুলিশ সদস্যরা মিরপুর-১১-এর দিকে যাচ্ছিলেন। পথে দলছুট অবস্থায় কনস্টেবল সাইমনকে পেয়ে তাঁর ওপর হামলা চালানো হয়।
এর আগে সকাল ১০টার দিকে মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। ঘটনাস্থল থেকে অন্তত চারজনকে আটক করা হয়।
শ্রমিকদের আন্দোলন ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ধারাবাহিকতায় এক পুলিশ সদস্যের ওপর এ হামলার ঘটনা ঘটল।