হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার স্বজনগ্রামে তাঁদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রণয় কুমার সরকার, বিপুল চন্দ্র দেবনাথ, মানিক সাহা ও জাহাঙ্গীর আলম এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) ফিরোজ আলম, খায়রুল ইসলাম, আব্দুল হাকিম ও গোপাল আচার্য সঙ্গীয় ফোর্স নিয়ে স্বজনগ্রামে অভিযান চালান। এ সময় বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত সাত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মৃত মুলফত আলীর ছেলে শওকত আকবর, মৃত আলী মিয়ার ছেলে টেনু মিয়া, মরফত আলীর ছেলে রইছ মিয়া, ফুল মিয়ার ছেলে নজরুল ইসলাম, কামাল মিয়ার ছেলে ফাহিম মিয়া, ইউনুস মিয়ার ছেলে সৈকত আলী এবং মারাজ মিয়ার ছেলে জুয়েল মিয়া।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মঙ্গলবার (৩ নভেম্বর) যথাযথ আইনি প্রক্রিয়া শেষে হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।