রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা, হেরোইন ও নগদ ৪৩ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় কথিত বাড়ির ভাড়াটিয়া রাকিব হোসেন (২৫) পালিয়ে গেছেন বলে জানিয়েছে অধিদপ্তর।
মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের একটি দল বনানী থানাধীন কড়াইল বস্তির জামাই বাজার মাটির রাস্তা এলাকায় রাকিবের ভাড়া করা তিন কক্ষের একটি বসতঘরে অভিযান চালায়। অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফের সার্বিক দিকনির্দেশনায় এবং ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ১০৩টি ইয়াবা ট্যাবলেট, ১০০ পুরিয়া হেরোইন—যার মোট ওজন ১০ গ্রাম—এবং নগদ ৪৩ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন মো. সজিব হোসেন (৩২) ও মো. তানভীর (৩০)। এ ছাড়া রাকিব হোসেন পলাতক রয়েছেন।
অধিদপ্তর জানায়, রাকিবের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য-সংক্রান্ত দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। তিনি কড়াইল বস্তি এলাকার বিভিন্ন স্থানে মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে অধিদপ্তরের দাবি।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গুলশান সার্কেলের পরিদর্শক মো. এমদাদুল হক খান বাদী হয়ে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২৬) অনুযায়ী মামলা করেছেন।
অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।