নীলফামারীর ডিমলায় পচে দুর্গন্ধ ছড়ানো ১৬০ কেজি চিংড়ি মাছ জব্দ করে বিনষ্টের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে ফুটপাত দখল করে মালামাল রাখায় একটি হার্ডওয়্যার দোকান এবং অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনার দায়ে আরেকটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অবৈধ মিনি পাম্পটি বন্ধ ও বিনষ্টের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়ি বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে ডিমলা থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে একটি নাইট কোচে করে ২০টি প্লাস্টিকের মাছের ক্যারেটে ১৬০ কেজি চিংড়ি মাছ শুটিবাড়ি বাজারের ঢাকা স্ট্যান্ডে আনা হয়। মাছগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এ অবস্থায় স্থানীয় লোকজন মাছগুলো আটকে উপজেলা প্রশাসনকে খবর দেন।
পরে ইউএনও ঘটনাস্থলে গিয়ে মাছগুলো পরিদর্শন করেন। খাওয়ার অনুপযোগী হওয়ায় গয়াবাড়ি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি মো. ইসমাইল হোসেনসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে মাছগুলো বিনষ্ট করে মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন। জব্দ করা মাছের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানা গেছে।
অভিযান চলাকালে ফুটপাত দখল করে মালামাল রাখা এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে মেসার্স মনি হার্ডওয়্যার স্টোরের মালিক সেলিমকে দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া অবৈধভাবে মিনি পেট্রোল পাম্প পরিচালনা করে জ্বালানি তেল বিক্রির দায়ে মেসার্স রাজু মিনি ফিলিং স্টেশনের মালিক রাজুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অবৈধ মিনি পাম্পটি বন্ধ ও বিনষ্টের নির্দেশ দেওয়া হয়।
ইউএনও মো. ইমরানুজ্জামান বলেন, “জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় পচা ও দুর্গন্ধযুক্ত চিংড়ি মাছগুলো বিনষ্টের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধভাবে মিনি পেট্রোল পাম্প পরিচালনা এবং ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে সংশ্লিষ্টদের জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার নিশ্চিত করা এবং জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”