নেত্রকোনার মদনে মগড়া নদীর ভাঙন থেকে বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয় রক্ষায় নেওয়া প্রতিরক্ষা প্রকল্পের কাজ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ও ভেজা বালু ব্যবহারের অভিযোগ তুলে কাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রকল্পের অনিয়ম তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন তাঁরা।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মগড়া নদীর ভাঙনের ঝুঁকিতে থাকা বিদ্যালয়টি রক্ষায় প্রতিরক্ষা প্রকল্প হাতে নেওয়ায় এলাকাবাসী আশাবাদী হয়েছিলেন। কিন্তু কাজের শুরু থেকেই তদারকি ও নির্মাণের মান নিয়ে তাঁদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কাজ শুরুর আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের যথাযথভাবে অবহিত করা হয়নি। তাঁদের দাবি, প্রকল্পের কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ও ভেজা বালু ব্যবহার করা হচ্ছে। এতে প্রতিরক্ষা কাজের স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, বিদ্যালয়টি রক্ষার খবরে আমরা খুশি হয়েছিলাম। কিন্তু যেভাবে কাজ হচ্ছে, তাতে এক বর্ষাও টিকবে না। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই।
আরেক বাসিন্দা সয়েম মিয়া বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা যথাযথভাবে কাজ পরিদর্শন করেছেন কি না, তা নিয়ে তাঁদের সন্দেহ রয়েছে। বরাদ্দের অর্থ সঠিকভাবে ব্যয় করা হলে নদীভাঙন প্রতিরোধে কার্যকর কাজ করা সম্ভব হতো বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে অভিযোগের বিষয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মানববন্ধনে বক্তারা প্রকল্পের নির্মাণকাজের মান যাচাই, বরাদ্দ ও ব্যয়ের হিসাব প্রকাশ এবং অভিযোগ তদন্ত করে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিদ্যালয়টি নদীভাঙন থেকে রক্ষায় নেওয়া প্রকল্পের কাজের মান নিয়ে ওঠা অভিযোগের তদন্ত প্রতিবেদনেই এখন নজর এলাকাবাসীর।