মাদকমুক্ত সমাজ গঠন ও জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদকবিরোধী শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কলাবাড়ী ইউনিয়নের নলুয়া গ্রামে নলুয়া মানবিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে সংগঠনের সদস্যরা মাদকবিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। মাদকবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রাটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। মাদকের বিস্তার রোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তাঁরা মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সমাবেশে নলুয়া মানবিক উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ধারাবাহিকভাবে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।