চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় সুলতানা বেগম (৩৫) নামে জেলা যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। রাতে ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু আটকের বিষয়টি নিশ্চিত করেন।
আটক সুলতানা বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ বলে জানা গেছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শেয়ালা কলোনি এলাকার জুলমত আলীর মেয়ে।
৫৯ বিজিবির অধিনায়ক কাজী আল-আমিন অপু বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানা বেগমকে আটক করা হয়েছে। বিজিবির জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ বলে পরিচয় দিয়েছেন। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি অধিনায়ক আরও জানান, প্রাথমিকভাবে সুলতানা বেগমের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নাশকতার একটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, বিজিবি একজন যুব মহিলা লীগ নেত্রীকে তাঁদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ চলমান রয়েছে।