‘হিন্দুরা কারও পকেটের লোক নয়, তারা গত নির্বাচনে প্রমাণ দিয়েছে’—এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেছেন, উত্তরাঞ্চলের মানুষকে উন্নয়নের নামে ধোঁকা দিয়েছে আওয়ামী লীগ। বর্তমান সরকার দেশের সব অঞ্চলকে সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে চায়।
বৃহস্পতিবার দুপুরে বগুড়ার মমইন কনভেনশন সেন্টারে ‘বগুড়ার উন্নয়ন সম্ভাবনা, সমস্যা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র সাত মাস। উন্নয়নের সুফল দৃশ্যমান হতে কিছুটা সময় লাগবে। প্রধানমন্ত্রী তারেক রহমান পুরো দেশকে সমান চোখে দেখেন। উন্নয়ন কোনো নির্দিষ্ট এলাকার জন্য নয়। রংপুর সিটি করপোরেশনের জন্য ১ হাজার ৮০০ কোটি টাকা এবং গোপালগঞ্জ জেলার উন্নয়নে ১ হাজার ৭০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ধর্মীয় সম্প্রীতি প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া বিএনপি সরকারের ইতিবাচক অর্জন। দেশের ৫৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী তিনটি পৃথক কর্মসূচিতে অংশ নিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন বলে দাবি করেন তিনি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র এবং আড়াই হাজার বছরের সভ্যতার স্মারক পুণ্ড্রনগরী বগুড়াকে দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছিল। জেলার ১৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। শিল্প, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও নগরায়ণের ক্ষেত্রে বগুড়াকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত করতে সরকার কাজ করছে।
তিনি জানান, সড়ক যোগাযোগ উন্নয়নে বিভিন্ন মহাসড়ক চার থেকে ছয় লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। করতোয়া নদীর পাশ দিয়ে চার লেনের সড়ক নির্মাণের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি বিসিক শিল্প পার্কের কাজ শিগগির শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, যমুনা নদীর ভাঙন রোধ, পানি সংরক্ষণে ড্যাম্প স্টেশন নির্মাণ এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। বগুড়া বিশ্ববিদ্যালয়কে বহুমাত্রিক উচ্চশিক্ষা ও গবেষণার কেন্দ্রে পরিণত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিটি বাড়ির ছাদে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনের আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক একরামুল হক ভূঁঞা (লোটন একরাম)। প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
সভায় উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ ইসলাম আলমগীর পাভেল, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ, টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, বগুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কুদরত-ই-জাহান, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু এবং নাজ গার্ডেনের স্বত্বাধিকারী শোকরানাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।