দিনাজপুরের নবাবগঞ্জে বন বিভাগের লাগানো তিন শতাধিক চারাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বুধবার (২১ অক্টোবর) রাতে উপজেলার ৮ নম্বর কুশদহ ইউনিয়নের আফতাবগঞ্জ বিটের জয়পুর মৌজার উবরার ডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে জয়পুর মৌজার উবরার ডাঙ্গা এলাকায় বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করা হয়েছিল। বুধবার রাতে অজ্ঞাত ব্যক্তিরা সেখানকার তিন শতাধিক চারাগাছ কেটে ফেলে। ক্ষতিগ্রস্ত গাছের মধ্যে পারুল ও আকাশমণি প্রজাতির চারাগাছ বেশি রয়েছে।
বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাঁদের অভিযোগ, পরিবেশ রক্ষা ও এলাকার সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে লাগানো গাছগুলো কেটে ফেলে পরিবেশের ব্যাপক ক্ষতি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
আফতাবগঞ্জ বিট কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “জয়পুর মৌজায় পারুল, আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির তিন শতাধিক চারাগাছ কেটে ফেলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি।”
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তাঁদের চিহ্নিত করা গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনায় কাউকে শনাক্ত বা আটক করার খবর পাওয়া যায়নি।