কক্সবাজারের চকরিয়া পৌরসদরের ব্যস্ততম বক্স রোডে টমটম, নসিমন ও করিমনের অবাধ চলাচল এবং যত্রতত্র দাঁড় করিয়ে রাখার কারণে সড়কে বিশৃঙ্খলা বাড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ভোগান্তিতে পড়ছেন পথচারী ও সাধারণ যাত্রীরা। সড়কে শৃঙ্খলা না থাকায় দুর্ঘটনার আশঙ্কাও করছেন তাঁরা।
স্থানীয়দের ভাষ্য, গুরুত্বপূর্ণ এ সড়কে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করলেও সেগুলো নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা চোখে পড়ছে না। বিশেষ করে টমটম ও নসিমন-করিমনের চলাচল এবং যেখানে-সেখানে থামিয়ে রাখার কারণে অন্য যানবাহনের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে।
বক্স রোড দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। ফলে সড়কে বিশৃঙ্খলা তৈরি হলে তার প্রভাব পড়ে পুরো এলাকার যাতায়াত ব্যবস্থায়। দ্রুত যানজট ও জনদুর্ভোগ কমাতে সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, নির্ধারিত স্থান ছাড়া পার্কিং বন্ধ এবং নিয়মিত তদারকির প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
সচেতন মহলের মতে, শুধু সাময়িক অভিযান নয়, সড়কে নিয়মিত নজরদারি ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে চালকদের ট্রাফিক আইন মেনে চলা এবং নির্ধারিত স্থানে যানবাহন দাঁড় করানোর বিষয়টি নিশ্চিত করা জরুরি।
স্থানীয়দের প্রত্যাশা, চকরিয়া পৌরসদরের বক্স রোডে যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পৌর কর্তৃপক্ষ, প্রশাসন ও সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। এতে সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত হবে।