দুর্গাপূজায় চসিকের ৩৬ লাখ ৭০ হাজার টাকা অনুদান

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম মহানগরের পূজামণ্ডপ ও হরিজন সম্প্রদায়ের কলোনিগুলোর জন্য মোট ৩৬ লাখ ৭০ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছে

2026-10-15T19:03:28+00:00
2026-10-15T19:03:28+00:00
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
দুর্গাপূজায় চসিকের ৩৬ লাখ ৭০ হাজার টাকা অনুদান
চট্টগ্রাম ব্যুরো
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৭:০৩ পিএম 
সংগৃহীত ছবি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম মহানগরের পূজামণ্ডপ ও হরিজন সম্প্রদায়ের কলোনিগুলোর জন্য মোট ৩৬ লাখ ৭০ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে অনুদানের চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে অনুদানের পরিমাণ ও খাতভিত্তিক বরাদ্দের তথ্য জানান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের আবেদনের পরিপ্রেক্ষিতে নগরের ১৬টি থানার ২৯৪টি পূজামণ্ডপে জেনারেটরের জ্বালানি খরচ বাবদ প্রতিটিকে পাঁচ হাজার টাকা করে মোট ১৪ লাখ ৭০ হাজার টাকা দেওয়া হয়েছে।

এ ছাড়া জেএম সেন হল পূজামণ্ডপে পাঁচ লাখ টাকা, চট্টগ্রাম সিটি করপোরেশন পূজা উদ্‌যাপন পরিষদের জামালখান এলাকার কুসুমকুমারী পূজামণ্ডপে ১৫ লাখ টাকা এবং চসিকের চারটি সেবক কলোনিতে বসবাসরত হরিজন সম্প্রদায়ের জন্য প্রতিটি কলোনিতে ৫০ হাজার টাকা করে মোট দুই লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ-চট্টগ্রাম মহানগরের সভাপতি অধ্যাপক অর্পণ ব্যানার্জি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, সহসভাপতি বিপ্লব কুমার চৌধুরী, অর্থ সম্পাদক সুকান্ত মহাজন টুটুলসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া মহানগরের ২৯৪টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা অনুষ্ঠানে অংশ নেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার নিশ্চিত করা সিটি করপোরেশনের দায়িত্ব। চট্টগ্রাম সবার শহর উল্লেখ করে তিনি বলেন, নগরকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনের উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন।

তিনি বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন দৃঢ় করে। চট্টগ্রামে সব ধর্মের মানুষ যেন নিরাপদে ও নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

মেয়র আরও বলেন, নিরাপদ নগর গড়ে তোলার জন্য শুধু অপরাধ নিয়ন্ত্রণই যথেষ্ট নয়; পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য ও নাগরিক অবকাঠামোর যথাযথ রক্ষণাবেক্ষণও জরুরি। নগরের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সম্প্রদায়ের ন্যায্য দাবি ও প্রয়োজন পূরণে সিটি করপোরেশন আন্তরিকভাবে কাজ করবে।

নগরের উন্নয়ন ও কল্যাণে রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: