পাকিস্তানের বাধা পেরিয়ে রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতায় এক দিন পিছিয়ে গেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি পরিবহন। সব প্রস্তুতি শেষে আগামী শুক্রবার রাশিয়া থেকে

2026-10-01T20:03:32+00:00
2026-10-01T20:03:32+00:00
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
জাতীয়
পাকিস্তানের বাধা পেরিয়ে রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৮:০৩ পিএম 
সংগৃহীত ছবি
পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতায় এক দিন পিছিয়ে গেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি পরিবহন। সব প্রস্তুতি শেষে আগামী শুক্রবার রাশিয়া থেকে বিশেষ কার্গো উড়োজাহাজে এই জ্বালানি বাংলাদেশে আসার কথা রয়েছে। শনিবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তা পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।

প্রকল্পসংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জ্বালানি পরিবহনে এখন পর্যন্ত নতুন কোনো জটিলতা দেখা দেয়নি।

পরিকল্পনা অনুযায়ী, শুক্রবার দুপুরের মধ্যে বিশেষ কার্গো বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা। এরপর বিশেষ নিরাপত্তাব্যবস্থায় সড়কপথে জ্বালানি রূপপুরে নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবারই জ্বালানি দেশে আসার কথা ছিল। তবে শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল হওয়ায় পরিবহন কার্যক্রম এক দিন পিছিয়ে শুক্রবার নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, স্পর্শকাতর এই পারমাণবিক জ্বালানি পরিবহনে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে। যে দেশগুলোর আকাশসীমা ব্যবহার করে বিমানটি বাংলাদেশে আসবে, সেসব দেশের কাছ থেকে আগাম অনুমতিও প্রয়োজন হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পাকিস্তান আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় বৃহস্পতিবারের নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়েছিল। পরে নতুন পরিকল্পনায় শুক্রবার জ্বালানি পরিবহনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি কার্গোতে মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি আনা হবে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রসাটম জানিয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে পুরো জ্বালানি সরবরাহ শেষ করার পরিকল্পনা রয়েছে।

এদিকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমেও অগ্রগতি হয়েছে। বুধবার ১৬ মেগাপাসকেল উচ্চচাপে প্রেসার-অপারেটেড রিলিফ ভাল্ভের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

রসাটম জানিয়েছে, ত্রুটি সংশোধনের পর মঙ্গলবার রাতে পরীক্ষা শুরু হয় এবং বুধবার সকালে তা সফলভাবে শেষ হয়। প্রধান নিয়ন্ত্রণকক্ষ ও জরুরি নিয়ন্ত্রণকক্ষ—দুই জায়গা থেকেই পরীক্ষা পরিচালনা করা হয়। এ সময় নিয়ন্ত্রণ ভাল্ভের কার্যকারিতা, নিরাপত্তা ভাল্ভের প্রতিক্রিয়া, অ্যালার্ম এবং খোলা-বন্ধ হওয়ার প্রক্রিয়াসহ বিভিন্ন কারিগরি বিষয় পরীক্ষা করা হয়।

রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় রসাটম ও এর সহযোগী প্রতিষ্ঠান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন কেন্দ্রটির দুটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: