সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বিমানমন্ত্রীর বৈঠক, হজ ফ্লাইটের স্লট দ্রুত অনুমোদনের অনুরোধ

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগ ও পর্যটন খাতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও

2026-10-01T16:47:40+00:00
2026-10-01T16:47:40+00:00
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
জাতীয়
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বিমানমন্ত্রীর বৈঠক, হজ ফ্লাইটের স্লট দ্রুত অনুমোদনের অনুরোধ
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:৪৭ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগ ও পর্যটন খাতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ ইবনে দাফের ইবনে উবাইয়া (Abdullah ibn Dhafer ibn Ubayya)-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের বিমান চলাচল, হজযাত্রী পরিবহন, এয়ার সার্ভিস এগ্রিমেন্ট (এএসএ) এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের ভিত্তিতে বেসামরিক বিমান চলাচল খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে। এরই মধ্যে সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা বাড়াতে সৌদি আরবের General Authority of Civil Aviation-এর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে বলেও জানান তিনি।

বৈঠকে বাংলাদেশি হজযাত্রীদের ওপর আরোপিত কর ও বিভিন্ন চার্জের বিষয়টি গুরুত্ব পায়। গত ১৩ জুলাইয়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছিল উল্লেখ করে মন্ত্রী বিষয়টি দ্রুত নিষ্পত্তিতে সৌদি কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

২০২৭ সালের হজ ফ্লাইট পরিচালনা নিয়েও আলোচনা হয়। ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে ২৮ মার্চ থেকে ৩০ অক্টোবর ২০২৭ পর্যন্ত প্রতিদিন তিনটি ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি কর্তৃপক্ষের কাছে স্লটের আবেদন করেছে। হজ ফ্লাইটের সময়সূচি চূড়ান্ত করতে দ্রুত স্লট অনুমোদনের জন্য সৌদি রাষ্ট্রদূতের সহযোগিতা চাওয়া হয়।

বৈঠকে দুই দেশের এয়ার সার্ভিস অ্যাগ্রিমেন্ট (এএসএ) নিয়েও অগ্রগতি পর্যালোচনা করা হয়। মন্ত্রী জানান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) বর্তমানে চুক্তির খসড়া তৈরির কাজ করছে। খসড়া চূড়ান্ত হওয়ার পর চুক্তি স্বাক্ষরের পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।

সৌদি এয়ারলাইনস ফ্লাইএডিলের অতিরিক্ত ফ্লাইট পরিচালনার অনুরোধ নিয়েও আলোচনা হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্তমান সক্ষমতা ও স্লট ব্যবস্থাপনা সীমিত থাকায় আপাতত অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা সম্ভব নয় বলে জানান মন্ত্রী। তবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি দাম্মাম রুটে ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে দুই দেশের বিমান যোগাযোগ বৃদ্ধি এবং পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

এ ছাড়া হজ মৌসুম সামনে রেখে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রস্তুতি সরেজমিনে পরিদর্শনে সৌদি আরবের General Authority of Civil Aviation-এর ভাইস প্রেসিডেন্ট আলী মোহাম্মদ রাজাবের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের ঢাকা সফরের আগ্রহের বিষয়েও আলোচনা হয়।

সাক্ষাৎ শেষে মন্ত্রী সৌদি রাষ্ট্রদূত ও তাঁর প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত ও ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: