চাঁদপুরে সন্ধ্যা নামলেই রাস্তায় কিশোরের জটলা, পুলিশের অভিযানে আটক ৩৭০ কিশোর

চাঁদপুর সংবাদদাতা

সারাদেশ

সন্ধ্যা নামলেই পাড়া-মহল্লার মোড়, বাজার কিংবা সড়কের পাশে জটলা করে আড্ডা—চাঁদপুরে কিশোরদের এমন অপ্রয়োজনীয় ঘোরাফেরা ঠেকাতে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।

2026-09-28T16:25:54+00:00
2026-09-28T16:25:54+00:00
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
 
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চাঁদপুরে সন্ধ্যা নামলেই রাস্তায় কিশোরের জটলা, পুলিশের অভিযানে আটক ৩৭০ কিশোর
চাঁদপুর সংবাদদাতা
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৫ পিএম 
সংগৃহীত ছবি
সন্ধ্যা নামলেই পাড়া-মহল্লার মোড়, বাজার কিংবা সড়কের পাশে জটলা করে আড্ডা—চাঁদপুরে কিশোরদের এমন অপ্রয়োজনীয় ঘোরাফেরা ঠেকাতে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় একযোগে অভিযান চালিয়ে ৩৭০ কিশোরকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক কিশোরদের পরিচয় ও বয়স যাচাইয়ের পাশাপাশি তাদের বিরুদ্ধে কোনো অপরাধে সম্পৃক্ততার তথ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়। সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় অধিকাংশ কিশোরকে অভিভাবকদের থানায় ডেকে মুচলেকা নিয়ে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশের ভাষ্য, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার আগেই সতর্ক করা, মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার মতো কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং পড়াশোনায় মনোযোগী করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর জেলার বিভিন্ন থানার একাধিক দল বাজার, গুরুত্বপূর্ণ সড়কের মোড়, বাণিজ্যিক এলাকা ও কিশোরদের আড্ডাস্থলে অভিযান চালায়। অপ্রয়োজনে ঘোরাফেরা ও আড্ডায় অবস্থান করা কিশোরদের থানায় নেওয়ার পর তাদের বিষয়ে প্রাথমিক যাচাই-বাছাই করা হয়।

মতলব উত্তরে ৫৩ জন আটক

মতলব উত্তর উপজেলায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৫৩ কিশোরকে আটক করা হয়। উপজেলার বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর অভিযান চালিয়ে তাদের থানায় নেওয়া হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও চাঁদপুরের পুলিশ সুপারের দিকনির্দেশনায়, মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবির হাসনাইন সানির নির্দেশে এবং মতলব উত্তর থানার ওসি কামরুল হাসানের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

ওসি কামরুল হাসান জানান, আটক কিশোরদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হচ্ছে। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া না গেলে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হবে। অপরাধে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মতলব সার্কেলের এএসপি জাবির হাসনাইন সানি বলেন, কিশোরদের পড়াশোনায় ফেরানো, মাদক থেকে দূরে রাখা এবং অপরাধপ্রবণতা ঠেকানোই অভিযানের মূল উদ্দেশ্য। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

ফরিদগঞ্জে আটক ৪১

ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৪১ কিশোরকে আটক করা হয়। এসআই হুমায়ূন কবিরের নেতৃত্বে উপজেলার বিভিন্ন মোড়, বাণিজ্যিক এলাকা ও আড্ডাস্থলে অভিযান চালানো হয়।

পরে অভিভাবকদের থানায় ডেকে সন্তানদের চলাফেরার বিষয়ে সতর্ক করা হয়। সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে না পাঠানোর বিষয়ে লিখিত মুচলেকা নেওয়ার পর তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক

শাহরাস্তিতে রাতে অযাচিত ও উদ্দেশ্যহীন ঘোরাফেরার অভিযোগে ৪৫ কিশোরকে আটক করা হয়। থানার একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ জানায়, আটকদের রাতের বেলায় বাইরে থাকার কারণ জানতে চাওয়া হলে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি অনেকে। পরে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে কোনো বিরূপ তথ্য না পাওয়ায় প্রথমবারের মতো সতর্ক করে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।

চাঁদপুর সদরে আটক ৩৫

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৫ কিশোরকে আটক করে। পরে তাদের পরিবারের সদস্যদের থানায় ডেকে সন্তানের চলাফেরা ও সন্ধ্যার পর বাইরে অবস্থানের বিষয়ে সতর্ক করা হয়।

মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মতলব দক্ষিণে ৩৭, কচুয়ায় ৬২

মতলব দক্ষিণ উপজেলায় সন্ধ্যার পর বিশেষ অভিযান চালিয়ে ৩৭ কিশোরকে আটক করা হয়। পরে অভিভাবকদের ডেকে সতর্ক করে মুচলেকা নেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

কচুয়া উপজেলায় বাজার, সড়কের মোড় ও বিভিন্ন আড্ডাস্থলে অভিযান চালিয়ে ৬২ কিশোরকে আটক করা হয়। তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাইয়ের পর অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

হাইমচরে ৪৮, হাজীগঞ্জে ৩৭ আটক

হাইমচর উপজেলায় বিশেষ অভিযানে ৪৮ কিশোরকে আটক করা হয়। সন্ধ্যার পর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের থানায় নেওয়ার পর প্রাথমিক তথ্য যাচাই করা হয় এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা হয়।

হাজীগঞ্জেও বিশেষ অভিযান চালিয়ে ৩৭ কিশোরকে আটক করে পুলিশ। পরে অভিভাবকদের থানায় ডেকে সন্তানদের চলাফেরার বিষয়ে সতর্ক করা হয়। মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

পুলিশ কর্মকর্তারা বলছেন, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার আগেই সতর্ক করা এ অভিযানের অন্যতম উদ্দেশ্য। শুধু পুলিশি নজরদারি নয়, কিশোর অপরাধ প্রতিরোধে পরিবারের ভূমিকাকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছে পুলিশ।

সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং সন্ধ্যার পর কীভাবে সময় কাটাচ্ছে—এসব বিষয়ে অভিভাবকদের নজরদারি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে কিশোরদের যুক্ত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে মুচলেকায় ছেড়ে না দিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিশোর অপরাধ, মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়া প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: