সামাজিক মাধ্যমে আবেগ নয়, আগে যাচাই-বাছাই: চট্টগ্রামের ডিসি

চট্টগ্রাম সংবাদদাতা

সারাদেশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো তথ্য যাচাই-বাছাই না করে বিশ্বাস বা তাৎক্ষণিক প্রতিক্রিয়া না জানানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক

2026-09-28T16:45:08+00:00
2026-09-28T16:45:08+00:00
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
 
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সামাজিক মাধ্যমে আবেগ নয়, আগে যাচাই-বাছাই: চট্টগ্রামের ডিসি
চট্টগ্রাম সংবাদদাতা
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো তথ্য যাচাই-বাছাই না করে বিশ্বাস বা তাৎক্ষণিক প্রতিক্রিয়া না জানানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, ভুল বা বিভ্রান্তিকর তথ্যের ওপর ভিত্তি করে দেওয়া একটি মন্তব্য বা প্রতিক্রিয়াও ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা কোনো গোষ্ঠীর জন্য গুরুতর ক্ষতির কারণ হতে পারে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ শীর্ষক সভাটির আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য ছড়িয়ে পড়ার পর অনেকেই সত্যতা যাচাই না করেই সেটিকে বিশ্বাস করে ফেলেন। বিশেষ করে নেতিবাচক বা চাঞ্চল্যকর তথ্য দ্রুত মানুষের নজর কাড়ে। পরে সেটি ভুল প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান সামাজিক ও পারিবারিকভাবে অপূরণীয় ক্ষতির মুখে পড়তে পারে।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে মাত্র এক সেকেন্ড সময় লাগে। কিন্তু কোনো তথ্য সত্য কি না, বাস্তব পরিস্থিতি কী এবং সেই প্রতিক্রিয়ার কারণে কেউ ক্ষতিগ্রস্ত হবে কি না—এসব বিষয় বিবেচনা করা জরুরি।

তথ্য যাচাইয়ের গুরুত্ব তুলে ধরে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ভুল তথ্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ নেওয়া হলে তা নতুন করে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে। ইতিহাসের বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় ও গোষ্ঠীগত স্বার্থে তথ্যের অপব্যবহারের উদাহরণ রয়েছে। ডিজিটাল যোগাযোগের বিস্তারের কারণে বর্তমান সময়ে তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তা আরও বেড়েছে।

সরকারি দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহির বিষয়ে জেলা প্রশাসক বলেন, ডিজিটাল যুগে কোনো বিষয় দীর্ঘদিন আড়াল করে রাখার সুযোগ ক্রমেই কমছে। তাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে হবে। পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নিজেদের কাজকর্মও স্বচ্ছ রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় গোপনীয়তা রক্ষার পাশাপাশি জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইন ও নীতিমালা অনুযায়ী নিরাপত্তাসংশ্লিষ্ট সংবেদনশীল তথ্য সুরক্ষিত রাখতে হবে। একই সঙ্গে নাগরিকদের অধিকার, নিরাপত্তা ও স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য পাওয়ার সুযোগও নিশ্চিত করা প্রয়োজন।

তিনি বলেন, স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠায় সরকারি কর্মকর্তা ও সাধারণ নাগরিক—দুই পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, প্রযুক্তিনির্ভর ব্যবস্থা অনেক ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ ও পক্ষপাতের প্রভাব কমাতে সহায়তা করতে পারে। ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারিতে প্রযুক্তির ব্যবহার এর অন্যতম উদাহরণ। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের বিভিন্ন স্থানে এআইনির্ভর ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

তবে প্রযুক্তির ব্যবহার বাড়লেও মানুষের বিবেক, প্রজ্ঞা ও মানবিক মূল্যবোধের বিকল্প নেই বলে মন্তব্য করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তাঁর ভাষ্য, মানুষ যদি আইন মেনে এবং পক্ষপাতহীনভাবে দায়িত্ব পালন করে, তাহলে প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতার প্রয়োজন কমে আসে।

এ সময় একে অপরকে দোষারোপ না করে মানুষের অধিকার, নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য গ্রহণ কিংবা কোনো বিষয়ে মন্তব্য করার আগে আবেগের পরিবর্তে যুক্তি, বিবেক ও বিচারবোধ প্রয়োগের ওপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, তথ্যের অবাধ প্রবাহ যেমন জরুরি, তেমনি সঠিক তথ্য নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: