নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দিনদুপুরে অস্ত্রের ভয় দেখিয়ে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরই মধ্যে ডাকাতির একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ১ নম্বর ঢাকেশ্বরী বাজারে দেবাশীষ ঢালীর স্বর্ণের দোকানে এ ঘটনা ঘটে।
দোকান মালিক দেবাশীষ ঢালী জানান, দুপুরে ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ দোকানে ঢুকে পড়ে। দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে মারধর করে তারা। পরে দোকানে থাকা এক নারী ক্রেতার কাছ থেকেও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় ডাকাতরা।
তার দাবি, ওই নারী ক্রেতার কাছ থেকে প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণ এবং দোকানের সিন্দুক ও ড্রয়ারে থাকা আরও প্রায় সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে। পাশাপাশি প্রায় ২০০ থেকে ৩০০ ভরি রুপাও নিয়ে যায় তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে কাপড় বাঁধা কয়েকজন ব্যক্তি দোকানে ঢুকে পড়ে। তারা দোকানের মালামাল লুটের পাশাপাশি এক নারী ক্রেতার কাছ থেকেও গহনা নিয়ে যায়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।